আজকের খবর
ইবিতে ছাত্রী নির্যাতন: বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত প্রতিবেদন জমা
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রলীগ নেত্রীর নেতৃত্বে ছাত্রী নির্যাতনের ঘটনায় প্রশাসনের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।
আজ সকাল ১০টায় তদন্ত কমিটি প্রধান অধ্যাপক রেবা মণ্ডল প্রেরিত খামটি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের দপ্তরে জমা দেওয়া হয়েছে বলে কমিটির সদস্য অধ্যাপক দেবাশীষ শর্মা জানান।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, “আমরা তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। তবে এ মুহূর্তে সংশ্লিষ্ট বিষয়ে কিছু বলা যাবে না।”
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান সাংবাদিকদের বলেন, “বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর অভিযোগ বিষয়ে গঠিত তদন্ত কমিটি আজ সকালেই আমার কাছে প্রতিবেদনটি জমা দিয়েছে। এখন এটি উপাচার্য ও হাই কোর্টের কাছে পাঠানো হবে।”
প্রতিবেদন দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে নির্দেশনা দেবেন পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার।
দেশরত্ন শেখ হাসিনা হলের অতিথি কক্ষে চার ঘণ্টা আটকে রেখে প্রথম বর্ষের ওই ছাত্রীকে নির্যাতনের অভিযোগ ওঠে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগীদের বিরুদ্ধে।
গত ১২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টা থেকে প্রায় ৩টা পর্যন্ত ওই কক্ষে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয় বলে ভুক্তভোগী ছাত্রী অভিযোগ করেন।
অভিযোগে তিনি বলেন, র্যাগিংয়ের নামে ছাত্রলীগ নেত্রীরা তাকে ‘বিবস্ত্র করে ভিডিও ধারণ’ করেন। শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি ঘটনা কাউকে জানালে ‘জীবননাশের হুমকিও’ দেন তারা। রোববার রাতের ওই ঘটনার পর বিপর্যস্ত ওই ছাত্রী সকালে হল ছেড়ে বাসায় চলে যান। মঙ্গলবার তিনি প্রক্টর ও ছাত্র-উপদেষ্টা দপ্তর বরাবর লিখিত অভিযোগ করলে বিষয়টি জানাজানি হয়।
এরপর ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হল কর্তৃপক্ষ দুটি কমিটি গঠন করে। এর বাইরে হাই কোর্টের নির্দেশে একটি বিচার বিভাগীয় এবং ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা আরও দুটি কমিটি করেছে।
.jpg)
.jpg)


.webp)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)