সারাদেশ


একই পরিবারের ৯ সদস্যের কবর খুঁড়তে গিয়ে কেঁপে উঠল হাত: গোরখোদক মুজিবর


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:১৩ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার

একই পরিবারের ৯ সদস্যের কবর খুঁড়তে গিয়ে কেঁপে উঠল হাত: গোরখোদক মুজিবর

বাগেরহাটের মোংলা পৌর কবরস্থানের এক কোণে পাশাপাশি খোঁড়া হয়েছে নয়টি কবর। মর্মস্পর্শী বিষয় হলো—এই কবরগুলোতে শায়িত হবেন একই পরিবারের নয়জন সদস্য, যারা রামপাল উপজেলার এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

 

শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর জানাজা শেষে তাদের মোংলা পৌর কবরস্থানে দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নিহতরা হলেন মোংলা পৌরসভার নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক এবং তার পরিবারের সদস্যরা।

 

কবরস্থানের খাদেম গোরখোদক মুজিবুর ফকির জানান, তিনি প্রায় ১৭ বছর ধরে এই কবরস্থানের দায়িত্ব পালন করছেন। তবে জীবনে কখনও একই পরিবারের এত সদস্যের জন্য একসঙ্গে কবর খুঁড়তে হয়নি।

 

তিনি বলেন, একসঙ্গে ৯টি কবর খুঁড়তে গিয়ে হাত কাঁপছিল। খুব কষ্ট লাগছিল। পরিবারের সম্মতিতেই একই জায়গায় পাশাপাশি কবরগুলো খোঁড়া হয়েছে, যাতে স্বজনরা একই স্থানে চিরনিদ্রায় শায়িত থাকতে পারেন।

 

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে নিহতদের মরদেহ মোংলার শেওলাবুনিয়ায় পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। শেষবারের মতো স্বজনদের দেখতে শত শত মানুষ সেখানে ভিড় করেন। চারদিকে কান্না আর শোকের আবহ তৈরি হয়।

 

আব্দুর রাজ্জাকের বাড়িতে পরিবারের নিহত চার নারীর মরদেহ রাখা হয়েছে। অন্যদিকে উপজেলা পরিষদ চত্বরে রাখা হয়েছে বাকি পাঁচজনের মরদেহ। আশপাশের বিভিন্ন মসজিদ থেকে আনা হয়েছে নয়টি খাটিয়া। গোসল শেষে একে একে তাতে রাখা হয়েছে স্বজনদের নিথর দেহ।

 

নিহত আব্দুর রাজ্জাকের ছোট ভাই সাজ্জাদ সরদার বলেন, পরিবারের সবাই আনন্দের মধ্যে ছিল। কারণ রাজ্জাকের ছেলের বিয়ে হয়ে নতুন বউ ঘরে আসছিল। কিন্তু সেই আনন্দঘন মুহূর্তই পরিণত হয়েছে এক ভয়াবহ ট্র্যাজেডিতে।

 

প্রসঙ্গত, গত বুধবার রাতে খুলনার কয়রা উপজেলার নাকসা গ্রামের বাসিন্দা আবদুস সালাম মোড়লের মেয়ে মার্জিয়া আক্তারের সঙ্গে বিয়ে হয় আব্দুর রাজ্জাকের ছোট ছেলে আহাদুর রহমানের। বিয়ের অনুষ্ঠান শেষে বর-কনেসহ দুই পরিবারের সদস্যরা একটি মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন। পথে রামপাল উপজেলার বেলাইবিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসের চালকসহ ১৪ জন নিহত হন।

 


জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

পটুয়াখালীর দুমকিতে এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. ইব্রাহীম নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একটি মক্তবে এ ঘটনা ঘটে।

আশুলিয়ায় পরিত্যক্ত বাড়িতে ঘোড়া জবাই করে রেস্তোরাঁয় সরবরাহের অভিযোগ, তদন্তে প্রশাসন

ঢাকার আশুলিয়ার তৈয়বপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে রাতের আঁধারে ঘোড়া জবাই করে সেই মাংস গরু ও খাসির মাংস হিসেবে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও বিরিয়ানির দোকানে সরবরাহের অভিযোগ উঠেছে। অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্তে উপজেলা প্রশাসন প্রাণিসম্পদ বিভাগ ও পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।

সঞ্চালন লাইন উন্নয়নকাজে কুড়িগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন, চলবে পর্যায়ক্রমিক লোডশেডিং

সঞ্চালন লাইন উন্নয়নকাজের কারণে আগামী ২৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কুড়িগ্রাম জেলায় পর্যায়ক্রমে লোডশেডিং হবে। এ সময় নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) এবং পল্লী বিদ্যুতের গ্রাহকেরা বিদ্যুৎ সরবরাহে বিঘ্নের মুখে পড়তে পারেন। তবে পুরো সময় বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বন্ধ থাকবে না বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

২৮ জুলাইয়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কারমাইকেল কলেজ শিক্ষার্থীদের

রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের উন্নয়ন কার্যক্রম আগামী ২৮ জুলাইয়ের মধ্যে দৃশ্যমান না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে কলেজ প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সেসব বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা।