সারাদেশ
ছাত্রলীগের রাজনীতি করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছেলেকে অ্যাফিডেভিটের মাধ্যমে ত্যাজ্য ঘোষণা করেছেন বাবা মীর মো. আব্দুল মালেক। বিষয়টি নিয়ে করা অ্যাফিডেভিটের একটি কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
জানা গেছে, গত ৬ মার্চ নেত্রকোনা নোটারি পাবলিক কার্যালয়ে করা অ্যাফিডেভিটের মাধ্যমে ছেলে মীর মো. সাজেদুর রহমান ছোটনকে ত্যাজ্য ঘোষণা করেন আব্দুল মালেক। অ্যাফিডেভিটটির নম্বর ৩১০।
আব্দুল মালেক নেত্রকোণা সদর উপজেলার সাতপাই এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, তার ছেলে সাজেদুর রহমান ছোটন দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। সর্বশেষ তিনি জেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।
পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ছোটনের পরিবার ও আত্মীয়-স্বজনের অধিকাংশই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। রাজনৈতিক মতবিরোধ ও পারিবারিক দ্বন্দ্বের কারণে দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে। এছাড়া বিভিন্ন সময়ে দাবি-দাওয়া আদায়কে কেন্দ্র করে আচরণগত সমস্যার কথাও অ্যাফিডেভিটে উল্লেখ করা হয়েছে।
অ্যাফিডেভিটে আব্দুল মালেক উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করলেও তার ছেলে সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বিষয়টি জানার পর তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে ছেলে কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত হলে তার দায়ভার তিনি নেবেন না বলেও তিনি অ্যাফিডেভিটে উল্লেখ করেন।
এ বিষয়ে আব্দুল মালেক বলেন, ছেলেকে অনেকবার বুঝিয়েও তার রাজনীতি থেকে ফেরাতে পারিনি। শেষ পর্যন্ত তার মঙ্গলের কথা ভেবেই তাকে ত্যাজ্য ঘোষণা করেছি।
অন্যদিকে সাজেদুর রহমান ছোটনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, পরিবারের অধিকাংশ সদস্য বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় প্রায় তিন বছর ধরে তিনি পরিবার থেকে বিচ্ছিন্ন। তার বড় ভাইও একসময় ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
ছোটনের দাবি, ছাত্রলীগের রাজনীতি করার কারণে গত বছরের আগস্ট মাসে তার বাবা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে হত্যার হুমকি দিয়েছেন। তবে রাজনৈতিক মতাদর্শের কারণে পরিবার সম্পর্ক ছিন্ন হলেও তিনি তার অবস্থান থেকে সরে আসবেন না বলে জানান।
তিনি বলেন, রাজনৈতিক মতাদর্শের কারণে পরিবার সম্পর্ক ছিন্ন করলেও আমি আমার আদর্শ থেকে সরে আসব না।
জনপ্রিয়
সারাদেশ থেকে আরও পড়ুন
পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
পটুয়াখালীর দুমকিতে এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. ইব্রাহীম নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একটি মক্তবে এ ঘটনা ঘটে।

আশুলিয়ায় পরিত্যক্ত বাড়িতে ঘোড়া জবাই করে রেস্তোরাঁয় সরবরাহের অভিযোগ, তদন্তে প্রশাসন
ঢাকার আশুলিয়ার তৈয়বপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে রাতের আঁধারে ঘোড়া জবাই করে সেই মাংস গরু ও খাসির মাংস হিসেবে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও বিরিয়ানির দোকানে সরবরাহের অভিযোগ উঠেছে। অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্তে উপজেলা প্রশাসন প্রাণিসম্পদ বিভাগ ও পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।

সঞ্চালন লাইন উন্নয়নকাজে কুড়িগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন, চলবে পর্যায়ক্রমিক লোডশেডিং
সঞ্চালন লাইন উন্নয়নকাজের কারণে আগামী ২৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কুড়িগ্রাম জেলায় পর্যায়ক্রমে লোডশেডিং হবে। এ সময় নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) এবং পল্লী বিদ্যুতের গ্রাহকেরা বিদ্যুৎ সরবরাহে বিঘ্নের মুখে পড়তে পারেন। তবে পুরো সময় বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বন্ধ থাকবে না বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

২৮ জুলাইয়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কারমাইকেল কলেজ শিক্ষার্থীদের
রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের উন্নয়ন কার্যক্রম আগামী ২৮ জুলাইয়ের মধ্যে দৃশ্যমান না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে কলেজ প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সেসব বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা।









