

নিত্যপণ্যের বাজারে বইছে শীতের সুবাতাস। সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে শীতকালীন সবজির দাম। যদিও এখনও তা ক্রেতাদের হাতের নাগালে বলেই অনেকের অভিযোগ।কিন্তু এসবকেও যেন চাপিয়ে গেছে হুট করে গরুর মাংসের দাম কমে যাওয়ার খবর। রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬৫০ টাকা কেজি দরে। এর প্রভাবে মাছ, মুরগীর দামও কমছে।বাজারে এমন স্বস্তির মধ্যে মূল্যস্ফীতি কমার খবর দিলো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। নভেম্বর মাসে দেশে সামগ্রিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৪৯ শতাংশ। অর্থাৎ সদ্য শেষ হওয়া মাসে কোনো পণ্য কিনতে গত বছরের নভেম্বর থেকে প্রায় সাড়ে নয় শতাংশ বাড়তি দাম গুনতে হয়েছে ক্রেতাদের। আগের মাস অক্টোবরে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৯৩ শতাংশ।নভেম্বরের হিসেবে দেখা গেছে, খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৭৬ শতাংশে। অক্টোবরে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৫৬ শতাংশ। নভেম্বরে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ১৬ শতাংশ। অক্টোবরে যা ছিল ৮ দশমিক ৩০ শতাংশ।বিবিএসের তথ্য অনুযায়ী, নভেম্বরে শহরের চেয়ে গ্রামাঞ্চলে মূল্যস্ফীতির পরিমাণ বেশি দেখা গেছে। নভেম্বরে শুধু শহরাঞ্চলে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১৬ শতাংশ। বিপরীতে গ্রামাঞ্চলে ছিল ৯ দশমিক ৬২ শতাংশ। মানে শহরের চেয়ে গ্রামের মানুষকে বাড়তি দামে অনেক পণ্য কিনতে হচ্ছে।



