অর্থনীতি
মৌজা রেটে দিতে হবে সম্পদ কর

২০২৬-২৭ অর্থবছরে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য কর কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। করমুক্ত আয়সীমা উল্লেখযোগ্যভাবে না বাড়লেও স্ল্যাব ও করহার পুনর্বিন্যাসের ফলে অধিকাংশ করদাতাকেই আগের তুলনায় বেশি কর দিতে হবে। একই সঙ্গে স্থাবর সম্পত্তির ওপর ‘সম্পদ কর’ আরোপের পরিকল্পনাও রয়েছে, যা নির্ধারিত হবে জমির বাজারদর বা মৌজা রেটের ভিত্তিতে।
নতুন প্রস্তাবিত কাঠামো অনুযায়ী ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে করমুক্ত আয়সীমা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৭৫ হাজার টাকা। এর বেশি আয়ের ক্ষেত্রে ধাপে ধাপে কর দিতে হবে পরবর্তী ৩ লাখ টাকায় ১০ শতাংশ, এরপর ৪ লাখ টাকায় ১৫ শতাংশ, পরবর্তী ৫ লাখ টাকায় ২০ শতাংশ, এরপর ২০ লাখ টাকায় ২৫ শতাংশ এবং অবশিষ্ট আয়ের ওপর ৩০ শতাংশ হারে কর প্রযোজ্য হবে।
কর কাঠামো বিশ্লেষণে দেখা যায়, আগে যেখানে সাতটি স্ল্যাবে কর দিতে হতো, এখন তা কমিয়ে ছয়টি করা হয়েছে। একই সঙ্গে প্রতিটি স্তরে করহার বাড়ানো হয়েছে, ফলে নিম্ন-মধ্যবিত্ত থেকে উচ্চ আয়ের করদাতা সবাই বাড়তি করের আওতায় পড়বেন।
উদাহরণ হিসেবে, কারও বার্ষিক আয় যদি ৭ লাখ ২০ হাজার টাকা হয়, তাহলে বিদ্যমান কাঠামোয় তার করের পরিমাণ দাঁড়ায় প্রায় ৮ হাজার টাকা। কিন্তু নতুন কাঠামো অনুযায়ী করযোগ্য আয় ও করহার পরিবর্তনের কারণে তাকে প্রায় ১০ হাজার ৫০০ টাকা কর দিতে হবে, যা আগের তুলনায় আড়াই হাজার টাকা বেশি।
তবে নতুন করদাতাদের জন্য কিছুটা ছাড় রাখা হয়েছে। প্রথমবার রিটার্ন দাখিলকারীরা সর্বনিম্ন এক হাজার থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকার মধ্যে কর দেওয়ার সুযোগ পাবেন, যা করভীতি কমাতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, করমুক্ত আয়সীমা বাড়ানো হলে বড় একটি জনগোষ্ঠী করজালের বাইরে চলে যেতে পারে এই বিবেচনায় বর্তমান সীমা বহাল রাখার পক্ষে সংস্থাটি। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী।
অন্যদিকে, সারচার্জের পরিবর্তে ‘সম্পদ কর’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। দলিলমূল্যের পরিবর্তে জমির প্রকৃত বাজারদর বা মৌজা রেটের ভিত্তিতে এই কর নির্ধারণ করা হবে। রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডি, বারিধারা এবং চট্টগ্রামের খুলশী, আগ্রাবাদসহ বড় শহরের উচ্চ আয়ের ব্যক্তিদের আওতায় এনে রাজস্ব বাড়ানোর লক্ষ্য রয়েছে।
কর বিশেষজ্ঞরা বলছেন, নতুন কাঠামো কার্যকর হলে আয় না বাড়লেও হিসাবের পরিবর্তনের কারণে করের চাপ বাড়বে। তবে সরকার চাইলে ভবিষ্যতে এই কাঠামোয় পরিবর্তন আনতে পারে বলেও মত দিয়েছেন তারা।
জনপ্রিয়
অর্থনীতি থেকে আরও পড়ুন
দ্বিতীয় প্রান্তিকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মুনাফা কমেছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি. ২০২৬ সালের এপ্রিল-জুন সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, আগের বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির মুনাফা কমেছে।

দ্বিতীয় প্রান্তিকে লোকসানে ইসলামী ব্যাংক বাংলাদেশ, শেয়ারপ্রতি ক্ষতি ৬ টাকা ৩৯ পয়সা
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি. ২০২৬ সালের এপ্রিল থেকে জুন সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এক বছরের ব্যবধানে মুনাফা থেকে লোকসানে গেছে ব্যাংকটি।

৫ ব্যাংকের গ্রাহকদের জন্য নতুন সুবিধা
একীভূত হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের আমানতকারীদের জন্য অর্থ উত্তোলনের নিয়ম আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে শুধু নিজের চিকিৎসাই নয়, পরিবারের সদস্যদের চিকিৎসা এবং অন্যান্য জরুরি প্রয়োজনেও সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করা যাবে।

মধ্যপ্রাচ্য সংকটে ফের বাড়ল স্বর্ণের দাম, নজর ফেডের সুদের হার সিদ্ধান্তে
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়া এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তকে ঘিরে অনিশ্চয়তার মধ্যে আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ায় টানা কয়েক দিনের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে।






