জাতীয়


ঈদ সামনে রেখে অস্বাভাবিক দাম বেড়েছে যেসব পণ্য


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:০৪ মে ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন, সোমবার

ঈদ সামনে রেখে অস্বাভাবিক দাম বেড়েছে যেসব পণ্য

কুরবানির ঈদকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। ঈদের এখনো কিছুটা সময় বাকি থাকলেও মসলা, শুকনো ফল ও রান্নার উপকরণসহ বেশ কিছু পণ্যের দাম হঠাৎ করেই বেড়ে গেছে। ব্যবসায়ীদের একাংশের কারসাজি ও অতিমুনাফার প্রবণতায় ধাপে ধাপে বাড়ানো হচ্ছে এসব পণ্যের দাম, যার প্রভাব সরাসরি পড়ছে খুচরা বাজারে। ফলে ঈদের প্রস্তুতি নিতে গিয়ে চাপে পড়ছেন সাধারণ ক্রেতারা, বিশেষ করে সীমিত আয়ের মানুষ।

 

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরা পর্যায়ে কেজিপ্রতি এলাচের দাম বেড়েছে প্রায় ৩০০ টাকা এবং লবঙ্গের দাম বেড়েছে ২০০ টাকা পর্যন্ত। পাশাপাশি পেঁয়াজ, ধনিয়া, জিরা, দারুচিনি, কিশমিশ ও তেজপাতাসহ একাধিক পণ্যের দাম বেড়ে ক্রেতার নাগালের বাইরে চলে গেছে। সবচেয়ে বেশি বেড়েছে আলু বোখারার দাম, যা কেজিপ্রতি ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত বাড়িয়ে বিক্রি করা হচ্ছে।

 

বর্তমানে রাজধানীর বাজারে প্রতি কেজি এলাচ বিক্রি হচ্ছে ৪৬০০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ৪৩০০ টাকা। লবঙ্গ বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ১৪৫০ টাকায়, যা আগে ছিল ১২০০ থেকে ১২৫০ টাকা। আলু বোখারা বিক্রি হচ্ছে প্রায় ১৫০০ টাকা কেজি দরে, যা আগে ৯০০ টাকায় পাওয়া যেত। কিশমিশ বিক্রি হচ্ছে ৮৩০ থেকে ৮৫০ টাকা, যা আগে ছিল ৭৬০ টাকা। দেশি পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা বেড়ে ৪০ থেকে ৪৫ টাকায় দাঁড়িয়েছে।

 

এছাড়া দারুচিনি বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা কেজিতে, জিরা ৬৫০ টাকা, ধনেগুঁড়া ২০০ থেকে ২৮০ টাকা এবং তেজপাতা ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দামও বেড়ে ৮০ থেকে ১৩০ টাকায় পৌঁছেছে, যা এক সপ্তাহ আগে ছিল ৬০ থেকে ১২০ টাকা।

 

শুধু মসলাই নয়, ঈদে মিষ্টান্নসহ বিভিন্ন খাবার তৈরিতে ব্যবহৃত বাদামের বাজারেও উত্তাপ ছড়িয়েছে। পেস্তার দাম কয়েক ধাপে কেজিতে প্রায় ৮০০ টাকা বেড়ে এখন ৪১০০ থেকে ৪২০০ টাকায় বিক্রি হচ্ছে। কাজুবাদাম বিক্রি হচ্ছে ১৪০০ টাকা কেজিতে, যা আগে ছিল ১১৫০ টাকা।

 

বাজার সংশ্লিষ্টদের মতে, গত কয়েক বছর ধরে ঈদের অনেক আগেই পণ্যের দাম বাড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে। এতে করে পরবর্তীতে দাম কিছুটা কমানো হলেও ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা ধরে রাখতে পারেন। তবে বাজার তদারকির অভাবেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

 

রাজধানীর নয়াবাজারে বাজার করতে আসা মো. শরিফুল ইসলাম বলেন, ঈদের এখনো প্রায় এক মাস বাকি, কিন্তু এরই মধ্যে সব ধরনের মসলা পণ্যের দাম বেড়ে গেছে। এটি প্রতি বছরই দেখা যায় বলে জানান তিনি।

 

 


জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার

জাতীয় সংসদের কার্যক্রমের দিকে দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি চোখ নিবদ্ধ রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, বর্তমান সংসদের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। সংসদ সদস্যরা জ্ঞানগর্ভ আলোচনা, গঠনমূলক সমালোচনা ও যুক্তিতর্কের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবেন—এটাই সবার প্রত্যাশা।

সাবেক মন্ত্রী হারুণার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে সাবেক মন্ত্রী ও শিল্পপতি হারুণার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১ আগস্ট) মানিকগঞ্জের মুন্নু সিটিতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

হজের খরচ আরও কমাতে উদ্যোগ, বিমান ভাড়া কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর

বাংলাদেশি হজযাত্রীদের ব্যয় আরও কমাতে বিমান ভাড়া হ্রাসসহ একাধিক উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বিমান ভাড়া কমানোর পাশাপাশি সৌদি আরবে বাংলাদেশি হাজিদের আবাসন ব্যয় কমানোর বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

মানবতাবিরোধী অপরাধের মামলায় আত্মসমর্পণের ঘোষণা লতিফ সিদ্দিকীর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। তিনি জানিয়েছেন, এর আগে গ্রেপ্তার না হলে আগামী সপ্তাহের রোববার বা সোমবার ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করবেন।