জাতীয়
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার

জাতীয় সংসদের কার্যক্রমের দিকে দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি চোখ নিবদ্ধ রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, বর্তমান সংসদের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। সংসদ সদস্যরা জ্ঞানগর্ভ আলোচনা, গঠনমূলক সমালোচনা ও যুক্তিতর্কের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবেন—এটাই সবার প্রত্যাশা।
সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
ভারপ্রাপ্ত স্পিকার বর্তমান সংসদকে ‘মজলুমের সংসদ’ হিসেবে উল্লেখ করে বলেন, এই সংসদের অধিকাংশ সদস্য অতীতে বিভিন্ন ধরনের নির্যাতন, কারাবরণ, নির্বাসন, গুম ও হয়রানির শিকার হয়েছেন। তার দাবি, ৩৫০ জন সংসদ সদস্যের প্রায় ৯৯ শতাংশই কোনো না কোনোভাবে এসব অভিজ্ঞতার মধ্য দিয়ে এসেছেন। এ কারণে বাংলাদেশের পাশাপাশি বিশ্বের সংসদীয় ইতিহাসেও এটি একটি ব্যতিক্রমধর্মী সংসদ।
তিনি বলেন, বর্তমান সংসদের প্রতিটি কার্যক্রম দেশের সাধারণ মানুষ, বিশেষ করে গ্রামের কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষ মোবাইল ফোনের মাধ্যমে দেখছেন। তাই সংসদ সদস্যদের দায়িত্ব অনেক বেশি। জনগণের আস্থা ধরে রাখতে গঠনমূলক আলোচনা ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
কায়সার কামাল বলেন, স্পিকার বা ডেপুটি স্পিকার হিসেবে সংসদ পরিচালনায় তার মূল লক্ষ্য থাকবে ন্যায়বিচার ও নিরপেক্ষতা বজায় রাখা। যতদিন দায়িত্বে থাকবেন, ততদিন সর্বোচ্চ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করবেন বলেও জানান তিনি।
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দল উভয়কেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে উল্লেখ করে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল সাম্য, মানবাধিকার, মানবিক মর্যাদা ও আইনের শাসন প্রতিষ্ঠা। সেই লক্ষ্য বাস্তবায়নে সরকারি ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দু হচ্ছে জাতীয় সংসদ। রাষ্ট্রের তিনটি অঙ্গ—বিচার বিভাগ, আইন বিভাগ ও নির্বাহী বিভাগ—নিজ নিজ দায়িত্ব পালন করে। আইন প্রণয়ন করে সংসদ, তা বাস্তবায়ন করে নির্বাহী বিভাগ এবং আইনের ব্যাখ্যা ও দুর্বলতা বিশ্লেষণ করে বিচার বিভাগ।
ভারপ্রাপ্ত স্পিকার আরও বলেন, গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে মতের পার্থক্য থাকা এবং সেই মতের গঠনমূলক আলোচনা হওয়া। সরকারি দলের পাশাপাশি বিরোধী দলেরও সংসদে সমালোচনা ও মতামত দেওয়ার সুযোগ থাকা প্রয়োজন। এর মাধ্যমে রাষ্ট্র ও জনগণ উপকৃত হয়।
আন্তর্জাতিক সংসদীয় ব্যবস্থার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, পাকিস্তান ও ভারতের মতো দেশগুলোতে সংসদীয় আলোচনা ও বিতর্কের মাধ্যমেই রাষ্ট্র পরিচালনার নীতি নির্ধারণ করা হয়।
২০২৪ সালের গণঅভ্যুত্থান প্রসঙ্গে কায়সার কামাল বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রত্যাশা পূরণ এবং দেশের মানুষের স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গঠনই বর্তমান সংসদের অন্যতম দায়িত্ব।
তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস তুলে ধরে বলেন, স্বাধীনতার পর গণতান্ত্রিক ব্যবস্থা বিভিন্ন সময়ে বাধাগ্রস্ত হয়েছে। তার দাবি, পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা হয়েছে।
তিনি আরও বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসে অন্যতম শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন ছিল। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের নতুন অভিযাত্রা শুরু হয়েছে এবং জাতীয় সংসদ সেই অভিযাত্রার কেন্দ্রবিন্দু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
সাবেক মন্ত্রী হারুণার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত
নানা আয়োজনের মধ্য দিয়ে সাবেক মন্ত্রী ও শিল্পপতি হারুণার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১ আগস্ট) মানিকগঞ্জের মুন্নু সিটিতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
হজের খরচ আরও কমাতে উদ্যোগ, বিমান ভাড়া কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর
বাংলাদেশি হজযাত্রীদের ব্যয় আরও কমাতে বিমান ভাড়া হ্রাসসহ একাধিক উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বিমান ভাড়া কমানোর পাশাপাশি সৌদি আরবে বাংলাদেশি হাজিদের আবাসন ব্যয় কমানোর বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

মানবতাবিরোধী অপরাধের মামলায় আত্মসমর্পণের ঘোষণা লতিফ সিদ্দিকীর
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। তিনি জানিয়েছেন, এর আগে গ্রেপ্তার না হলে আগামী সপ্তাহের রোববার বা সোমবার ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করবেন।

লক্ষ্মীপুরে সড়ক খোঁড়ার সময় মিলল তিনটি মর্টার শে
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় সড়ক খোঁড়ার সময় মাটির নিচ থেকে তিনটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আ স ম আবদুর রব সরকারি কলেজ-সংলগ্ন টিএটি অফিস সড়কে পানির লাইনের উন্নয়নকাজ চলাকালে এ ঘটনা ঘটে।





