জাতীয়
হজের খরচ আরও কমাতে উদ্যোগ, বিমান ভাড়া কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর

বাংলাদেশি হজযাত্রীদের ব্যয় আরও কমাতে বিমান ভাড়া হ্রাসসহ একাধিক উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বিমান ভাড়া কমানোর পাশাপাশি সৌদি আরবে বাংলাদেশি হাজিদের আবাসন ব্যয় কমানোর বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী হজ ও উমরাহ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এ মেলার আয়োজন করে।
প্রতিমন্ত্রী জানান, গত বছর প্রতি হজযাত্রীর বিমান টিকিটে প্রায় ১২ হাজার টাকা খরচ কমানো সম্ভব হয়েছিল। আর চলতি বছরে সেই ব্যয় আরও ২৫ হাজার টাকা কমিয়ে টিকিটের মূল্য ১ লাখ ৩০ হাজার টাকায় নামিয়ে আনা হয়েছে।
তিনি বলেন, হজের সামগ্রিক ব্যয় কমাতে সৌদি সরকারের কাছে বিমান টিকিটের ওপর আরোপিত বিমানবন্দর নির্মাণ কর কমানোর অনুরোধ জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। পাশাপাশি বাংলাদেশি হাজিদের আবাসন ব্যয় কমানোর লক্ষ্যে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গেও বিস্তারিত আলোচনা হয়েছে।
রশিদুজ্জামান মিল্লাত বলেন, সরকার যৌক্তিক খরচে, স্বচ্ছ ও হয়রানিমুক্ত হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে। হজযাত্রীদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা বা কারসাজি হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
অনুষ্ঠানে সৌদি দূতাবাসের উপপ্রধান খালিদ সাঈদ আল হাদাল, হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার এবং মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, তিন দিনের এই হজ ও উমরাহ মেলায় দেশের শীর্ষ হজ এজেন্সিগুলো অংশ নিয়েছে। মেলায় বিভিন্ন হজ প্যাকেজ, প্রয়োজনীয় তথ্য, বিশেষজ্ঞদের পরামর্শ এবং নির্বাচিত প্যাকেজে বিশেষ ছাড়ের সুবিধা পাওয়া যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে এবং প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে। শনিবার এ মেলার সমাপনী হবে।
সম্পর্কিত
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
মানবতাবিরোধী অপরাধের মামলায় আত্মসমর্পণের ঘোষণা লতিফ সিদ্দিকীর
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। তিনি জানিয়েছেন, এর আগে গ্রেপ্তার না হলে আগামী সপ্তাহের রোববার বা সোমবার ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করবেন।

লক্ষ্মীপুরে সড়ক খোঁড়ার সময় মিলল তিনটি মর্টার শে
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় সড়ক খোঁড়ার সময় মাটির নিচ থেকে তিনটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আ স ম আবদুর রব সরকারি কলেজ-সংলগ্ন টিএটি অফিস সড়কে পানির লাইনের উন্নয়নকাজ চলাকালে এ ঘটনা ঘটে।

নৌপথে পরিবহন খরচ ৬০% কম
সড়কপথের তুলনায় নৌপথে পণ্য পরিবহনের খরচ প্রায় ৬০ শতাংশ কম বলে জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। এ কারণে রাজধানীর চারপাশের খাল ও নৌপথ পুনরুদ্ধার করে দ্রুত চলাচলের উপযোগী করার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর জন্য ৭৮০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা পাঠিয়েছেন ত্রিপুরার বিখ্যাত ‘কিউ’ জাতের ৭৮০ কেজি আনারস। বুধবার (২৯ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আনারসের চালানটি বাংলাদেশে পৌঁছায়।









