

১৭ মিলিয়ন পাউন্ড খরচ করে স্বপ্নের বাড়ি বানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু সেই বাড়ির সৌন্দর্য নষ্ট করায় এবার গলফ ক্লাব কিনে নিতে চাচ্ছেন তিনি।এই ফুটবলার পর্তুগালের রাজধানী লিসবনের সমুদ্র সৈকতে গড়ে তুলছেন ‘ড্রিম হোম’। প্রায় পাঁচ বছর ধরে নিজের মতো করে গড়ে তুলছেন এটি।বাড়ি বানাতে কোনো ধরনের কার্পণ্যই করছেন না সি আর সেভেন। নিজের মনের মতো করে সাজাতে নিচ্ছেন সব ধরনের পদক্ষেপ। প্রথমে বাজেট ছিল ১০ মিলিয়ন, তবে আপাতত তা ঠেকেছে ১৭ মিলিয়ন পাউন্ডে। এরপরেও তার মনের মতো হচ্ছে না বাড়ি। স্বপ্নের বাড়ির সামনের সৌন্দর্য্য নষ্ট করছে একটি গলফ ক্লাব। এবার সেটাও কিনে নিয়ে বাড়ির পরিকল্পনা ঢেলে সাজাতে চাইছেন রোনালদো।বাড়ির নকশায় আছে একাধিক সুইমিং পুল, জিম, ছোটখাটো একটি মাঠ, স্পা সেন্টার সহ সিনেমা-থিয়েটার। কিন্তু সামনের গলফ ক্লাবহাউজ থাকার কারণে সামনের ভিউ ঠিকঠাক মতো পাচ্ছেন না এই মহা তারকা। পুরো পরিকল্পনা তাই ঢেলে সাজাচ্ছেন তিনি। কিনে ফেলতে চাইছেন সেই ক্লাব হাউজটি। পুনরায় স্থাপন করতে চান পুরো ভবন। শয়নকক্ষে যাতে নিখুত মার্বেল ব্যবহার করা হয় সেজন্য একটি মার্বেল খনিও কেনার চিন্তা করছেন তিনি। নিরাপত্তা নিশ্চিত করতে নিচ্ছেন নানান পদক্ষেপ। বাড়ির গ্যারেজে ৩০টি সুপার কার থাকবে থরে থরে সাজানো। বোতাম চেপেই নির্বাচন করবেন যখন যেটি দরকার। তার গাড়িপ্রেম নিয়ে আলাদা করে বলার কিছু নেই। বিশ্বের সমস্ত বড় বড় ব্র্যান্ডের একাধিক সুন্দর ও বিলাসবহুল গাড়ি রয়েছে তার বহরে। সিআর সেভেনের সংগ্রহে রয়েছে একটি বেন্টলি, তিনটি ফেরারি, দুইটি লাম্বোরগিনি, দুইটি বুগাট্টি, দুইটি ম্যাকলারেন, দুইটি রোলস রয়েস, একটি পোরশে ৯১১ টারবো, একটি কোয়েইনিগসেগ, একটি বেন্টলি কন্টিনেন্টার জিটি স্পিড, একটি রেঞ্জ রোভার এবং কয়েকটি অডি ও মার্সিডিজ গাড়ি। সেইসব গাড়ির সঙ্গে হামেশাই ছবি দেন রোনাল্ডো। তিনি বারবার আলোচনায় আসেন গাড়ি কেনা নিয়ে। শুধু তাই নয়, গত বছর জুনে ৫.৫ মিলিয়ন পাউন্ড খরচ করে একটি বিলাসবহুল ইয়টও কিনেছেন এই পর্তুগিজ তারকা।যাতে রয়েছে পাঁচটি কেবিন, ছয়টি শোবার ঘর, বড় লাউঞ্জ, বিরাট রান্নাঘর আর বিশাল জানালা দিয়ে সাগরগর্ভের অপরূপ দৃশ্য উপভোগের ব্যবস্থা।রোলেক্স এর নকশা করা একটি হাতঘড়ি রয়েছে তার। ৩০ ক্যারেট হিরে দিয়ে তৈরি এই হাতঘড়ির ব্রেসলেট তৈরি হয়েছে ১৮ ক্যারেটের হোয়াইট গোল্ড দিয়ে৷ যার পুরুত্ব ৩০ মিলিমিটার৷ ঘড়ির ডায়াল, বেজেল ও ব্রেসলেটে শোভা পায় হিরের ঝলমলানি৷ যার বাজার মূল্য সাড়ে তিন কোটি টাকা।মডেলিংয়ের জন্য প্রায়ই ডাক পান রোনালদো। বিভিন্ন নামী-দামি সংস্থার হয়ে মডেলিং করেন তিনি। তার পোশাক থেকে খাওয়া-দাওয়া সবই বিলাসবহুল।এদিকে মাদ্রিদে ৫২ কোটি ৫৫ লাখ টাকার একটি ভিলা রয়েছে তার। ম্যানহাটন ট্রাম্প টাওয়ারে ১৩৭ কোটি টাকার একটি অ্যাপার্টমেন্ট রয়েছে রোনালদোর।রোনালদোর ব্যবহার্য জিনিসের মধ্যে সবচেয়ে দামি তার ব্যক্তিগত জেট বিমান। প্রায় ২৩৭ কোটি টাকার ওই বিমানে একসাথে ১২ জনের বসার ব্যবস্থা রয়েছে। রোনালদোর গাড়ি-বাড়ি-বিনিয়োগ...সব মিলিয়ে মোট সম্পত্তির পরিমাণ ২০-২৫ কোটি পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২ হাজার ৫০০ কোটি টাকার মতো!



