আন্তর্জাতিক
পশ্চিমবঙ্গে ৪৮ ঘণ্টায় ২০০ এফআইআর, গ্রেপ্তার ৪৩৩

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় সহিংসতা, সংঘর্ষ ও রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্যজুড়ে ব্যাপক অভিযান চালাচ্ছে পুলিশ। গত ৪৮ ঘণ্টায় শতাধিক অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের, শত শত গ্রেপ্তার এবং সহস্রাধিক মানুষকে আটক করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
বুধবার (৬ মে) পশ্চিমবঙ্গ পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিচালক সিদ্ধনাথ গুপ্ত এক সংবাদ সম্মেলনে জানান, ৪ মে নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বিভিন্ন জেলায় সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। এসব ঘটনায় প্রতিপক্ষকে হুমকি, হামলা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে।
তিনি বলেন, এখন পর্যন্ত রাজ্যজুড়ে ২০০টির বেশি এফআইআর দায়ের হয়েছে। এসব ঘটনায় ৪৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আগাম সুরক্ষামূলক ব্যবস্থা হিসেবে ১ হাজার ১০০ জনের বেশি মানুষকে আটক করেছে পুলিশ।
সিদ্ধনাথ গুপ্ত আরও জানান, নির্বাচন-পরবর্তী সহিংসতায় পৃথক দুই এলাকায় দুজন নিহত হয়েছেন। ঘটনাগুলোর তদন্ত চলছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
এদিকে কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, দুষ্কৃতকারীদের ধরতে বিশেষ অভিযান চালানো হচ্ছে। কলকাতা পুলিশের আওতাধীন এলাকা থেকে এখন পর্যন্ত ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৬৫ জনকে সুনির্দিষ্ট মামলায় এবং বাকি ১৫ জনকে প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে আটক করা হয়েছে।
অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে এক সহিংস ঘটনায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। নির্বাচন-পরবর্তী সহিংসতা ঘিরে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
তথ্যসূত্র: The Indian Express
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক সব ক্ষেত্রে ‘ধর্ষণ’ নয়: এলাহাবাদ হাইকোর্ট
দীর্ঘদিন ধরে চলা দুই প্রাপ্তবয়স্ক মানুষের পারস্পরিক সম্মতির সম্পর্ককে কেবল বিয়ের প্রতিশ্রুতি পূরণ না হওয়ার কারণে ‘ধর্ষণ’ হিসেবে গণ্য করা যায় না বলে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন ভারতের এলাহাবাদ হাইকোর্ট। সাম্প্রতিক এক রায়ে আদালত বলেছেন, কোনো সম্পর্কের ক্ষেত্রে শুরু থেকেই প্রতারণার উদ্দেশ্য প্রমাণিত না হলে বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের ঘটনাকে স্বয়ংক্রিয়ভাবে ধর্ষণের অভিযোগ হিসেবে বিবেচনা করা যাবে না।

ট্রুডোর সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন কেটি পেরি, বললেন ‘ভালোবাসা আমাকে বদলে দিয়েছে’
কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সম্পর্কের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এবার সেই সম্পর্ক এবং নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন বিশ্বখ্যাত পপ তারকা কেটি পেরি।

ইরানের সঙ্গে কারিগরি আলোচনায় সুইজারল্যান্ড যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ
ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা ও পারমাণবিক ইস্যুতে কারিগরি পর্যায়ের আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার (২০ জুন) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরান চুক্তিকে ঘিরে বিশ্ববাজারে ইতিবাচক প্রতিক্রিয়া, উচ্ছ্বাসের কথা বললেন ট্রাম্প
ইরানের সঙ্গে নতুন সমঝোতা চুক্তিকে কেন্দ্র করে বিশ্ববাজারে ইতিবাচক সাড়া ও উচ্ছ্বাস তৈরি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই চুক্তিকে “খুবই শক্তিশালী” কাঠামো হিসেবে উল্লেখ করেন।









