আন্তর্জাতিক
সরকার গঠনে অনিশ্চয়তা, আদালতে যাবেন বিজয়?

তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে পেরেছে কি না, তা নিয়ে এখনও সন্তুষ্ট নন রাজ্যের গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার।
সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বিজয়কে লোক ভবনে ডেকে পাঠান গভর্নর। সেখানে তিনি সরাসরি প্রশ্ন করেন, “১১৩ জন বিধায়ক নিয়ে কীভাবে সরকার পরিচালনা করবেন, যেখানে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮ জনের সমর্থন?”
গভর্নর আরও জানতে চান, কোন কোন রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে টিভিকেকে সমর্থন দিতে রাজি হয়েছে এবং ভবিষ্যৎ সমর্থনের যেসব দাবি করা হচ্ছে, তার ভিত্তি কী।
জবাবে বিজয় জানান, তিনি বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হতে প্রস্তুত। একই সঙ্গে সরকার গঠনের সুযোগ না দেওয়া হলে আইনি পথেও যেতে পারে টিভিকে।
বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার তিন দিন পার হলেও সরকার গঠন নিয়ে এখনো জট কাটেনি। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বড় ধরনের সাফল্য পেয়েছে বিজয়ের দল। গত মাসের নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে টিভিকে।
তবে সরকার গঠনের জন্য এখনও প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে পিছিয়ে রয়েছে দলটি। প্রথমদিকে ধারণা করা হয়েছিল, কংগ্রেসের ৫ আসনের সমর্থন নিয়ে সরকার গঠনের দাবি জানাবে টিভিকে। কিন্তু গভর্নরের সঙ্গে বৈঠকের পর সেই সম্ভাবনা অনিশ্চয়তার মুখে পড়ে।
সূত্রের দাবি, গভর্নর স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ১১৮ জন বিধায়কের সমর্থনের লিখিত প্রমাণ ছাড়া সরকার গঠনের অনুমতি দেওয়া হবে না।
এদিকে ভিসিকে নেতা থিল থিরুমাভালাভান বলেছেন, কোনো সরকার সংখ্যাগরিষ্ঠ কি না, সেটি শেষ পর্যন্ত বিধানসভাতেই প্রমাণ করতে হয়। তাই টিভিকের দাবি গ্রহণ করে তাদের সরকার গঠনের সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তামিলনাড়ুর এই রাজনৈতিক অচলাবস্থা আগামী কয়েক দিনে আরও নাটকীয় মোড় নিতে পারে। সরকার গঠন, জোট রাজনীতি এবং সম্ভাব্য আইনি লড়াই সব মিলিয়ে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এখন উত্তপ্ত হয়ে উঠেছে।
সূত্র: NDTV
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক সব ক্ষেত্রে ‘ধর্ষণ’ নয়: এলাহাবাদ হাইকোর্ট
দীর্ঘদিন ধরে চলা দুই প্রাপ্তবয়স্ক মানুষের পারস্পরিক সম্মতির সম্পর্ককে কেবল বিয়ের প্রতিশ্রুতি পূরণ না হওয়ার কারণে ‘ধর্ষণ’ হিসেবে গণ্য করা যায় না বলে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন ভারতের এলাহাবাদ হাইকোর্ট। সাম্প্রতিক এক রায়ে আদালত বলেছেন, কোনো সম্পর্কের ক্ষেত্রে শুরু থেকেই প্রতারণার উদ্দেশ্য প্রমাণিত না হলে বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের ঘটনাকে স্বয়ংক্রিয়ভাবে ধর্ষণের অভিযোগ হিসেবে বিবেচনা করা যাবে না।

ট্রুডোর সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন কেটি পেরি, বললেন ‘ভালোবাসা আমাকে বদলে দিয়েছে’
কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সম্পর্কের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এবার সেই সম্পর্ক এবং নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন বিশ্বখ্যাত পপ তারকা কেটি পেরি।

ইরানের সঙ্গে কারিগরি আলোচনায় সুইজারল্যান্ড যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ
ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা ও পারমাণবিক ইস্যুতে কারিগরি পর্যায়ের আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার (২০ জুন) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরান চুক্তিকে ঘিরে বিশ্ববাজারে ইতিবাচক প্রতিক্রিয়া, উচ্ছ্বাসের কথা বললেন ট্রাম্প
ইরানের সঙ্গে নতুন সমঝোতা চুক্তিকে কেন্দ্র করে বিশ্ববাজারে ইতিবাচক সাড়া ও উচ্ছ্বাস তৈরি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই চুক্তিকে “খুবই শক্তিশালী” কাঠামো হিসেবে উল্লেখ করেন।









