আন্তর্জাতিক


সৌদি আরবে এক বছরে ১০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর, উদ্বেগ মানবাধিকার সংগঠনগুলোর


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২৩ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার

সৌদি আরবে এক বছরে ১০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর, উদ্বেগ মানবাধিকার সংগঠনগুলোর

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে মাদক পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত আরও সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার দেশটির বিভিন্ন কারাগারে তাদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হয়। এর ফলে চলতি বছরে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তির সংখ্যা ১০০ জনে পৌঁছেছে।

 

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সাতজনের মধ্যে পাঁচজন মাদক পাচারের দায়ে দোষী সাব্যস্ত ছিলেন। এ নিয়ে চলতি বছরে মাদক-সংশ্লিষ্ট অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ জনে। তাদের মধ্যে ৪৩ জনই বিদেশি নাগরিক।

 

এদিকে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সৌদি আরবে মৃত্যুদণ্ডের ক্রমবর্ধমান ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সোমবার এক বিবৃতিতে সংস্থাটি এ ঘটনাকে কর্তৃপক্ষের ‘বিবেকহীন ও বেআইনিভাবে মৃত্যুদণ্ড ব্যবহারের একটি নির্মম মাইলফলক’ হিসেবে উল্লেখ করে।

 

লন্ডনভিত্তিক সংস্থাটির দাবি, মাদক সংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে বিদেশি নাগরিকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেক ক্ষেত্রে তাদের বিরুদ্ধে পরিচালিত বিচারপ্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যায়সঙ্গত ছিল না বলেও অভিযোগ করেছে অ্যামনেস্টি।

 

সংস্থাটি আরও জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম সৌদি আরবের খামিস মুশাইত আটক কেন্দ্রের একটি ওয়ার্ডে অন্তত ৬৩ জন ইথিওপীয় নাগরিক বন্দি রয়েছেন। মাদক সংক্রান্ত অভিযোগে অভিযুক্ত এসব বন্দি যেকোনো সময় মৃত্যুদণ্ড কার্যকরের ঝুঁকিতে আছেন বলে দাবি করা হয়েছে।

 

সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ১০০ জনের মধ্যে ৪৮ জন সৌদি নাগরিক। এছাড়া ১২ জন ইথিওপীয়, সাতজন পাকিস্তানি, ছয়জন সুদানি, চারজন ইয়েমেনি এবং চারজন সিরীয় নাগরিক রয়েছেন।

 

এর আগে ২০২৫ সালে সৌদি আরব ৩৫৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল, যার মধ্যে ২৪৩ জনই ছিলেন মাদক-সংশ্লিষ্ট অপরাধে দোষী সাব্যস্ত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ১৯৯০ সালে রেকর্ড সংরক্ষণ শুরু হওয়ার পর এটিই ছিল দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের সর্বোচ্চ সংখ্যা।

 

প্রায় তিন বছর স্থগিত রাখার পর ২০২২ সালের শেষ দিকে মাদক-সংক্রান্ত অপরাধের জন্য মৃত্যুদণ্ডের বিধান পুনর্বহাল করে সৌদি সরকার। অ্যামনেস্টির তথ্যমতে, গত তিন বছরে বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশের তালিকায় চীন ও ইরানের পরেই রয়েছে সৌদি আরব।

 

মানবাধিকার সংগঠনগুলো মনে করছে, মৃত্যুদণ্ডের ব্যাপক ব্যবহার দেশটির আধুনিক ও সংস্কারমুখী ভাবমূর্তির সঙ্গে সাংঘর্ষিক। তবে সৌদি কর্তৃপক্ষের দাবি, জনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে মৃত্যুদণ্ড প্রয়োজনীয় এবং আপিলের সব সুযোগ শেষ হওয়ার পরই এ শাস্তি কার্যকর করা হয়।

 

সূত্র: এএফপি


সম্পর্কিত

সৌদি আরব

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ার নির্দেশ প্রায় ৬০ হাজার মানুষকে

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহর ও আশপাশের এলাকায় ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানলে ইতোমধ্যে প্রায় ৬০০টি স্থাপনা পুড়ে গেছে এবং আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাব দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন

ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিত প্রশ্ন পাঠিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্প ডেস্ক ও সাধারণ ইমেইল, উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্পডেস্ক ও সাধারণ ইমেইল—উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার তীব্র প্রতিবাদ ভারতীয় মুসলিমদের

‘বন্দে মাতরম’কে আইনগতভাবে বাধ্যতামূলক করা এবং এর অবমাননাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণার উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের মুসলিমদের সর্বোচ্চ নীতিনির্ধারক সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড।