শবে বরাতের রাতে ডিবি পরিচয়ে মুসল্লির মোবাইল ছিনতাইয়ের ঘটনায় একজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। এই ঘটনায় আরো এক ছিনতাইকারী পালিয়ে যায়।

শুক্রবার (১৮ মার্চ) রাত আড়াইটার দিকে সাভার পৌরসভার মজিদপুর এলাকায় এই ঘটনা ঘটে। শবে বরাতের নামাজ শেষে মুসল্লিরা তখন বাসায় ফিরছিলেন।

আটককৃত মিজান (৪০) নামের ওই ছিনতাইকারীর বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা থানায়। তিনি ওই এলাকার জয়নাল আবেদীনের ছেলে। তবে পালিয়ে যাওয়া অপর ছিনতাইকারীর নাম-পরিচয় জানা যায়নি।

citytouch 728-X-90

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে নামাজ পড়ে বাসায় ফেরার সময় কয়েকজন মুসল্লির গতিরোধ করেন ওই ছিনতাইকারীরা। এ সময় তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। এক পর্যায়ে ছিনতাইকারীদের একজন মুসল্লিদের একজনের মোবাইল নিয়ে পালিয়ে গেলে মিজান ধরা পড়েন। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়া।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, তিন-চারদিন আগে কুষ্টিয়া থেকে ঢাকা আসে মিজান। তার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তবে ছিনতাইকারীদের একজন পালিয়ে যাওয়ায় মোবাইলটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান এই কর্মকর্তা।