জাতীয়


গ্যাস সংকটে মালয়েশিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২৮ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার

আপডেট:২৮ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার

গ্যাস সংকটে মালয়েশিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ

দেশে চলমান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। পাশাপাশি সংকটের গুরুত্ব তুলে ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠিও পাঠানো হয়েছে। এতে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানিসহ জ্বালানি খাতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা চাওয়া হয়েছে।

 

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

 

প্রতিমন্ত্রী বলেন, গ্যাস সংকটের কারণে দেশের আবাসিক গ্রাহক, শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদন এবং গণপরিবহন খাতে ব্যাপক দুর্ভোগ তৈরি হয়েছে। বিশেষ করে গৃহস্থালি পর্যায়ে সাধারণ মানুষ, নারী এবং শিল্প উদ্যোক্তারা ভোগান্তির মুখে পড়েছেন। এ পরিস্থিতির জন্য সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং দ্রুত সংকট নিরসনে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

 

তিনি জানান, দেশের গ্যাসের চাহিদা পূরণ হয় দেশীয় গ্যাসক্ষেত্র এবং আমদানি করা এলএনজির মাধ্যমে। তবে গত সপ্তাহে একটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বড় ধরনের যান্ত্রিক ত্রুটির মুখে পড়ায় সেটির মাধ্যমে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এর ফলে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং দেশের বিভিন্ন খাতে সংকট দেখা দেয়।

 

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এফএসআরইউ পরিচালনাকারী প্রতিষ্ঠান এক্সেলারেট এনার্জির সঙ্গে জ্বালানি বিভাগ, পেট্রোবাংলা এবং আরপিজিসিএল সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞরা দ্রুত সমস্যা সমাধানে কাজ করছেন। মঙ্গলবার সকালে এক্সেলারেট এনার্জির আঞ্চলিক প্রধান ও ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বাংলাদেশের উদ্বেগ তুলে ধরা হলে প্রতিষ্ঠানটি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে।

 

বর্তমানে ত্রুটিগ্রস্ত এফএসআরইউ থেকে প্রতিদিন প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো। প্রতিমন্ত্রী জানান, আগামী সপ্তাহের শুরুতে সেখান থেকে ২৮০ থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ পুনরায় চালু করা সম্ভব হতে পারে। আর পরবর্তী সপ্তাহের শেষ নাগাদ টার্মিনালটি পুরোপুরি সচল হওয়ার আশা করা হচ্ছে।

 

মালয়েশিয়ার সহযোগিতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে একটি চিঠি পাঠিয়েছেন। মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ২টায় দুই প্রধানমন্ত্রীর মধ্যে ফোনালাপও হয়েছে। এ সময় বাংলাদেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা কামনা করা হয়।

 

তিনি বলেন, আনোয়ার ইব্রাহিম আশ্বস্ত করেছেন, মালয়েশিয়ার পক্ষে কী ধরনের সহযোগিতা দেওয়া সম্ভব, তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে দ্রুত বাংলাদেশকে জানানো হবে।

 

সরকার জানায়, মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির সম্ভাবনা যাচাইয়ের পাশাপাশি জ্বালানি খাতে দেশটির প্রযুক্তিগত অভিজ্ঞতা ও অন্যান্য সহায়তাও কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

 

দীর্ঘমেয়াদি সমাধানের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, একটি এফএসআরইউর ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমাতে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণই হবে টেকসই সমাধান। এ লক্ষ্যে জাপানের সহযোগিতাও চাওয়া হয়েছে এবং দেশটির সঙ্গে এনার্জি সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে।

 

তিনি আরও বলেন, জনগণের দুর্ভোগ কমাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, জ্বালানি বিভাগ, পেট্রোবাংলা ও আরপিজিসিএল দিনরাত কাজ করছে। প্রধানমন্ত্রীও সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সংকট দ্রুত নিরসনে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।




সম্পর্কিত

জাতীয়

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।

আইনশৃঙ্খলার উন্নতি ছাড়া দেশে নতুন বিনিয়োগ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হলে নতুন দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিনিয়োগের পূর্বশর্ত হলো নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ। এ লক্ষ্যেই সরকার জিরো টলারেন্স নীতিতে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে।

শাপলা চত্বর গণহত্যা মামলা: শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আগামী সপ্তাহে কমবে গ্যাসসংকট: প্রতিমন্ত্রী

দেশজুড়ে চলমান গ্যাসসংকট নিয়ে জনগণের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কিছুটা কমতে শুরু করবে বলে সরকার আশা করছে।