

দেশজুড়ে চলমান গ্যাসসংকট নিয়ে জনগণের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কিছুটা কমতে শুরু করবে বলে সরকার আশা করছে।
সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, গ্যাস সরবরাহে সৃষ্ট সমস্যার জন্য সরকার আন্তরিকভাবে দুঃখিত। তবে এ সমস্যার মূল কারণ সরকারি প্রতিষ্ঠানের নয়, সংশ্লিষ্ট একটি বেসরকারি প্রতিষ্ঠানের। সরকার তাদের সঙ্গে সমন্বয় করে সংকট নিরসনে কাজ করছে।
তিনি বলেন, “তাৎক্ষণিকভাবে সমাধান দিতে না পারা আমাদের ব্যর্থতা। এ জন্য আমরা জনগণের কাছে বারবার দুঃখ প্রকাশ করছি। তবে আগামী সপ্তাহ থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছি।”
প্রতিমন্ত্রী জানান, সরকার এক্সিলারেট এনার্জির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। প্রাথমিক আলোচনার ভিত্তিতে আশা করা হচ্ছে, আগামী সপ্তাহ থেকেই গ্যাস সরবরাহের পরিস্থিতির উন্নতি শুরু হবে। সংকট নিরসনে সরকারের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বর্তমানে আমদানিকৃত এলএনজি এবং দেশীয় গ্যাস উৎপাদন মিলিয়েও দেশের চাহিদা পুরোপুরি পূরণ করা সম্ভব হচ্ছে না। এ কারণে বিকল্প জ্বালানির উৎস ও নতুন প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে মালয়েশিয়া থেকে আইএসও ট্যাংকের মাধ্যমে এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ভোলার গ্যাস ব্যবহারের সম্ভাবনাও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে সরকার জ্বালানি খাতে কাজ করছে। অতীতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব এবং তাৎক্ষণিক সমাধানের ওপর নির্ভরশীলতার কারণেই বর্তমান সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।



