আন্তর্জাতিক
শিক্ষামন্ত্রীর পদ ছাড়লেও ধর্মেন্দ্রকে মন্ত্রিসভায় রাখতে চেয়েছিল মোদি সরকার, রাজি হয়নি ‘তেলাপোকারা’

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজধানী দিল্লিসহ ভারতের বিভিন্ন শহরে টানা আন্দোলন চালায় ককরোচ জনতা পার্টি (সিজেপি)। জেন–জি প্রজন্মের তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা এ আন্দোলনের মুখে গত শনিবার পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান। তবে আন্দোলনের মধ্যে তাঁকে শিক্ষা মন্ত্রণালয় থেকে সরিয়ে অন্য মন্ত্রণালয়ে রাখার প্রস্তাব দিয়েছিল নরেন্দ্র মোদি সরকার। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে সিজেপি।
আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আন্দোলনকারী নেতাদের জানানো হয়েছিল, ধর্মেন্দ্র প্রধানকে মন্ত্রিসভা থেকে সরানো হবে না, তবে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে। কিন্তু সিজেপি এ প্রস্তাবে সম্মত হয়নি।
সূত্রের তথ্য অনুযায়ী, সিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকে অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং। আলোচনার একপর্যায়ে সরকারের প্রতিনিধিরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরিবর্তে তাঁর দপ্তর পরিবর্তনের প্রস্তাব দেন।
এর আগে ২০ জুলাই জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং প্রথম দফায় সিজেপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। ওই দিন সিজেপি পার্লামেন্ট অভিমুখে মিছিলের কর্মসূচি ঘোষণা করলে দিল্লির রাজপথে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনাও ঘটে।
সূত্রটি জানায়, অচলাবস্থা নিরসনের উপায় হিসেবে সরকারের প্রতিনিধিরা ধর্মেন্দ্র প্রধানকে অন্য কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার প্রস্তাব রাখেন। তবে বৈঠকে অংশ নেওয়া সিজেপির প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা তা সরাসরি প্রত্যাখ্যান করেন।
বৈঠকে সরকারের প্রতিনিধিরা জানান, কোনো কেন্দ্রীয় মন্ত্রীকে অপসারণ বা তাঁর দপ্তর পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার একমাত্র প্রধানমন্ত্রীর। সিজেপির প্রতিনিধিরা বৈঠকে স্পষ্টভাবে বলেন, তাঁদের একমাত্র দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এর বিকল্প কোনো সমাধান তারা গ্রহণ করবে না।
সূত্রটি আরও জানায়, আন্দোলনকারীদের আশঙ্কা ছিল, শিক্ষামন্ত্রীর পূর্ণ পদত্যাগের পরিবর্তে অন্য কোনো সমাধানে সম্মত হলে বিক্ষোভকারীদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হতে পারে।
শনিবার কেন্দ্রীয় সরকার ও সিজেপির প্রতিনিধিদের মধ্যে তৃতীয় দফার বৈঠক হওয়ার কথা ছিল। তবে সেই বৈঠকের কয়েক ঘণ্টা আগেই শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান। এরপর সিজেপি রাজপথের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়।
বিরোধী দলের নেতা রাহুল গান্ধীও ধর্মেন্দ্র প্রধানের দপ্তর পরিবর্তনের প্রস্তাবের বিরোধিতা করেন। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে সরিয়ে তাঁকে মন্ত্রিসভায় রাখলে আন্দোলনরত শিক্ষার্থী কিংবা বিরোধী দল কেউই তা মেনে নেবে না। শুরু থেকেই তিনি ধর্মেন্দ্র প্রধানকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি জানিয়ে আসছিলেন।
নিজের পদত্যাগপত্রে ধর্মেন্দ্র প্রধান উল্লেখ করেন, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির সুযোগ যাতে "দেশবিরোধী শক্তি" নিতে না পারে, সে বিবেচনায় তিনি পদত্যাগ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত দুই পাতার পদত্যাগপত্রে তিনি লেখেন, যন্তর মন্তরসহ সারা দেশে তৈরি হওয়া পরিস্থিতির সুযোগ যাতে কেউ নিতে না পারে, দেশের ঐক্য অটুট থাকে, কোনো শিক্ষার্থীর ভবিষ্যৎ আইনি জটিলতায় না পড়ে এবং শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিতে পারে, সেসব বিবেচনায় তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
টানা কয়েক সপ্তাহের আন্দোলনের পর সিজেপি দাবি করেছে, কেন্দ্রীয় সরকার পরীক্ষাব্যবস্থা সংস্কার, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়ার দাবিও মেনে নিয়েছে।
ভারতে টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) সরকারের ইতিহাসে এই প্রথম কোনো কেন্দ্রীয় মন্ত্রী গণআন্দোলনের মুখে পদত্যাগ করলেন। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কেন্দ্রীয় ভোক্তাবিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীকে নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
জনপ্রিয়
সর্বশেষ
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
পশ্চিম তীরে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলায় সহিংসতা বেড়েছে, মসজিদে আগুন ও বাড়িঘর ভাঙচুর
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলা ও সহিংসতা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডে অন্তত দুটি মসজিদে আগুন দেওয়া, বাড়িঘরে হামলা এবং কয়েক ডজন ফিলিস্তিনিকে আটক করার অভিযোগ উঠেছে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের বিরুদ্ধে।

এআই ছবিতে সামরিক শক্তির বার্তা দিলেন ট্রাম্প, পোস্টে উঠে এলো ইরান ও ২০২৮ নির্বাচনের ইঙ্গিত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। এসব ছবিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা তুলে ধরার পাশাপাশি ২০২৮ সালের নির্বাচনী প্রচারের বিভিন্ন রাজনৈতিক বার্তাও স্থান পেয়েছে।

যুক্তরাষ্ট্র হামলা থামানোর পর পাল্টা হামলা বন্ধ করেছি: ইরান
টানা ১৩ দিন হামলা চালানোর পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এর পর ইরান জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিরুদ্ধে চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাও তারা বন্ধ রেখেছে।

শিক্ষার্থীদের বিক্ষোভে আসামের মন্ত্রীর মেয়ে, অস্বস্তিতে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার
আসামের রাজস্বমন্ত্রী কেশব মহন্তের মেয়ে দিবিসা মহন্ত শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নিয়ে কেন্দ্রীয় সরকার ও বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে স্লোগান দেওয়ায় রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) গুয়াহাটির চাচলে আয়োজিত শিক্ষার্থীদের এক প্রতিবাদ সমাবেশে তাঁর অংশগ্রহণকে ঘিরে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের মধ্যে অস্বস্তির সৃষ্টি হয়েছে।








