ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। ফ্রান্স ফুটবল ফেডারেশন এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। ২০৩০ সাল পর্যন্ত চুক্তিতে জাতীয় দলের দায়িত্ব পালন করবেন তিনি।
২০২৬ বিশ্বকাপ শেষে দীর্ঘদিনের কোচ দিদিয়ের দেশমের বিদায়ের পর ফ্রান্সের নতুন কোচ হিসেবে জিদানের নাম নিয়ে জোরালো আলোচনা চলছিল। সংবাদমাধ্যমে আগেই এ বিষয়ে খবর প্রকাশিত হলেও শনিবার আনুষ্ঠানিকভাবে তার নিয়োগের ঘোষণা দেয় ফেডারেশন।
ফরাসি ফুটবলের অন্যতম সেরা তারকা জিদান ১৯৯৮ সালে দেশের হয়ে বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন। খেলোয়াড়ি জীবন শেষে কোচ হিসেবেও দারুণ সাফল্য অর্জন করেন তিনি। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের দায়িত্বে থেকে টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতিয়ে ইতিহাস গড়েন। ২০২১ সালে দ্বিতীয় মেয়াদে রিয়ালের দায়িত্ব ছাড়ার পর তিনি কোনো দলের কোচের দায়িত্ব নেননি।
২০২৬ বিশ্বকাপে সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নেয় ফ্রান্স। সেই আসর শেষে জাতীয় দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ান দিদিয়ের দেশম। এরপরই নতুন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হলো জিদানকে।
দায়িত্ব গ্রহণের পর জিনেদিন জিদান বলেন, "আমি অনেকবারই বলেছি, ফ্রান্স জাতীয় দলের চেয়ে বড় আর কিছু নেই। তাই জাতীয় দলের দায়িত্ব নেওয়াটা আনন্দের পাশাপাশি অনেক বড় গর্বের বিষয়।"
তিনি আরও বলেন, "এটি একই সঙ্গে অনেক বড় দায়িত্ব। আমি ফ্রান্স ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট, নির্বাহী কমিটি এবং ফেডারেশনকে ধন্যবাদ জানাই। জাতীয় দলকে নিয়ে আমার অনেক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে।"
জিদান জানান, রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর কোচ হিসেবে একাধিক প্রস্তাব পেলেও তিনি সেগুলো গ্রহণ করেননি। জাতীয় দলের দায়িত্ব নেওয়ার অপেক্ষাতেই ছিলেন বলে ইঙ্গিত দেন তিনি।
সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগে তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে ফ্রান্সের প্রধান কোচ হিসেবে জিদানের যাত্রা শুরু হবে।










