সরকারি দল বিএনপি ক্ষমতায় আসার পর আবারও বিভিন্ন খাতে সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার সকালে পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সৌদি আরবগামী বিমানের টিকিটের দাম তুলনামূলকভাবে কম ছিল। তবে বিএনপি সরকার গঠনের পর আবারও সিন্ডিকেট সক্রিয় হওয়ার কারণে টিকিটের দাম বেড়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ সময় দেশের গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তার দাবি, নির্বাচনের পর বিভিন্ন খাতে মূল্যবৃদ্ধির পাশাপাশি চাঁদাবাজির প্রবণতাও বেড়েছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠেছে।
এসব সমস্যা থেকে জনগণকে দ্রুত মুক্তি দিতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
এ ছাড়া মক্কা প্যাক্টকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি বলেও জানান আসিফ মাহমুদ। তবে এ বিষয়ে দলের একটি উপ-কমিটি বিশেষভাবে পর্যবেক্ষণ করছে বলেও উল্লেখ করেন তিনি।










