প্রযুক্তি


ভোলায় নারী মোবাইল প্রযুক্তিকর্মী মহিমা হয়ে উঠেছেন আস্থার প্রতীক


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২০ মে ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন, বুধবার

ভোলায় নারী মোবাইল প্রযুক্তিকর্মী মহিমা হয়ে উঠেছেন আস্থার প্রতীক

দারিদ্র্য, সামাজিক প্রতিবন্ধকতা ও কুসংস্কার পেরিয়ে ভোলার তরুণী মহিমা বেগম মোবাইল প্রযুক্তি খাতে নিজের অবস্থান তৈরি করেছেন। বর্তমানে তিনি ভোলার একটি মোবাইল সার্ভিসিং প্রতিষ্ঠানে কাজ করছেন এবং বিশেষ করে নারী গ্রাহকদের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

 

ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তালুকদার বাড়ির যৌথ পরিবারে বেড়ে ওঠা মহিমার শৈশব কেটেছে আর্থিক সংকটের মধ্য দিয়ে। কৃষিশ্রমিক বাবার সীমিত আয়ে ১০ সদস্যের সংসার চালানো কঠিন ছিল। এসএসসি পাসের পর অর্থসংকটের কারণে তাঁর পড়াশোনা বন্ধ হয়ে যায়। তবে স্বাবলম্বী হওয়ার ইচ্ছা তাঁকে নতুন পথের সন্ধান দেয়।

 

পারিবারিক সংকট ও সামাজিক কটূক্তির মধ্যেও প্রযুক্তিনির্ভর পেশায় যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন মহিমা। ভোলার নবারণ সেন্টারের ‘আকতার মোবাইল টেলিকম’-এ প্রশিক্ষণের মাধ্যমে হার্ডওয়্যার ও সফটওয়্যার বিষয়ে দক্ষতা অর্জন করেন। বর্তমানে তিনি একই প্রতিষ্ঠানে কর্মরত আছেন। মাসে প্রায় ১৭ হাজার টাকা আয় করে পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নেও ভূমিকা রাখছেন।

 

মহিমা জানান, একটি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রকল্পের আওতায় তিনি ছয় মাসের কারিগরি প্রশিক্ষণের সুযোগ পান। পাশের বাড়ির উঠান বৈঠকের মাধ্যমে এই প্রশিক্ষণের বিষয়ে জানতে পারেন তিনি। প্রশিক্ষণের শুরুতে জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক কোর্সে অংশ নিয়ে যোগাযোগ দক্ষতা, আত্মবিশ্বাস বৃদ্ধি ও কুসংস্কার মোকাবিলার বিষয়ে ধারণা লাভ করেন।

 

মহিমা বলেন, “শুরুতে পরিবার ও সমাজের কিছু মানুষের কাছ থেকে নানা কথা শুনতে হয়েছে। মেয়েদের এই ধরনের পেশায় কাজ করাকে অনেকে ভালোভাবে নিত না। তবে পরিবারের সহযোগিতা ও আত্মবিশ্বাস আমাকে এগিয়ে যেতে সাহস দিয়েছে।”

 

মোবাইল সার্ভিসিং খাতে নারী হিসেবে কাজ করায় অনেক নারী গ্রাহক তাঁর কাছে স্বাচ্ছন্দ্যবোধ করেন। ব্যক্তিগত তথ্য ও মোবাইল নিরাপত্তার বিষয় বিবেচনায় নারী গ্রাহকদের বড় একটি অংশ তাঁর কাছেই মোবাইল সার্ভিস করাতে আসেন।

 

মহিমা বলেন, “অনেক নারী গ্রাহক মনে করেন, একজন নারী হিসেবে আমি তাদের ব্যক্তিগত বিষয়গুলো বুঝতে পারি। তাই তারা স্বস্তি নিয়ে আমার কাছে আসেন এবং অন্যদেরও পাঠান।”

 

তিনি আরও বলেন, “নারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় পাশে থাকতে পারছি, এটি আমার জন্য গর্বের।”

 

প্রশিক্ষক সাত্তার হোসেন বলেন, “মহিমা অত্যন্ত মনোযোগী শিক্ষার্থী ছিল। নিয়মিত উপস্থিতি ও শেখার আগ্রহ তাকে অন্যদের থেকে আলাদা করেছে। এখন সে নিজের দক্ষতা দিয়ে মানুষের আস্থা অর্জন করেছে।”

 

মহিমার স্বপ্ন, ভবিষ্যতে নিজের এলাকায় আধুনিক মোবাইল সার্ভিসিং সেন্টার গড়ে তোলা। সেখানে নারীদের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তুলতে চান তিনি। পাশাপাশি ট্রেইনার হিসেবেও কাজ করার আগ্রহ রয়েছে তাঁর।

 

মহিমার বাবা-মাও মেয়ের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন। তারা চান, মেয়ের স্বপ্ন বাস্তবে রূপ পাক।

 

সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, নারীদের প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের সুযোগ বাড়ানো গেলে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। এতে নারীর আর্থিক স্বাধীনতা ও সামাজিক ক্ষমতায়ন আরও শক্তিশালী হবে।

 

গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন বলেন, প্রযুক্তিনির্ভর পেশায় নারীদের অংশগ্রহণ বাড়লে ডিজিটাল নিরাপত্তা ও সামাজিক আস্থার ক্ষেত্রও শক্তিশালী হবে।

 

দারিদ্র্য ও সামাজিক বাধা পেরিয়ে মহিমা বেগমের এই পথচলা এখন ভোলার অনেক তরুণীর কাছে অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে।


সম্পর্কিত

ভোলামোবাইল প্রযুক্তিকর্মীমহিমা

জনপ্রিয়


প্রযুক্তি থেকে আরও পড়ুন

এআই পুনর্গঠনে মেটার বড় ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৮ হাজার কর্মী

ফেসবুকের মূল প্রতিষ্ঠান Meta Platforms বড় পরিসরে কর্মী ছাঁটাই শুরু করেছে। বুধবার থেকে ধাপে ধাপে প্রায় ৮ হাজার কর্মীকে ছাঁটাই করা হচ্ছে, যা কোম্পানিটির মোট কর্মীবাহিনীর প্রায় ১০ শতাংশ। একই সঙ্গে আরও প্রায় ৭ হাজার কর্মীকে নতুন দায়িত্বে স্থানান্তর করা হচ্ছে, যেখানে অগ্রাধিকার পাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সংশ্লিষ্ট কাজ।

বাংলাদেশে এলো টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড Tecno Mobile বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের নতুন ‘স্পার্ক ৫০’ সিরিজ। এ সিরিজে রয়েছে দুটি মডেল—স্পার্ক ৫০ ফোরজি এবং স্পার্ক ৫০ ফাইভজি, যা স্মার্ট পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং আধুনিক ফিচারের সমন্বয়ে তৈরি।

স্টেডফাস্ট কুরিয়ারে বড় সাইবার হামলা: ২ হাজার ডলারে বিক্রি হচ্ছে গ্রাহকের তথ্য!

দেশের শীর্ষস্থানীয় লজিস্টিক ও কুরিয়ার প্রতিষ্ঠান স্টেডফাস্ট কুরিয়ার (Steadfast Courier)-এর সার্ভারে বড় ধরনের সাইবার হামলার খবর পাওয়া গেছে।