বাংলাদেশ


টানা ১০ বছরেও লাভের মুখ দেখেনি ফুডপান্ডা বাংলাদেশ, লোকসান ১,৪০০ কোটি টাকার বেশি


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২৭ জুলাই ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন, সোমবার

টানা ১০ বছরেও লাভের মুখ দেখেনি ফুডপান্ডা বাংলাদেশ, লোকসান ১,৪০০ কোটি টাকার বেশি

বাংলাদেশের অনলাইন খাবার ও গ্রোসারি ডেলিভারি খাতে এক দশক ধরে কার্যক্রম চালালেও এখনো লাভের মুখ দেখেনি ফুডপান্ডা বাংলাদেশ। জার্মানির মূল প্রতিষ্ঠান ডেলিভারি হিরোর আর্থিক বিবরণী অনুযায়ী, ২০১৬ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশে ফুডপান্ডার মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১১১ মিলিয়ন ইউরো বা ১ হাজার ৪০০ কোটি টাকার বেশি।

 

ডেলিভারি হিরোর তথ্য অনুযায়ী, বাংলাদেশে ফুডপান্ডার কার্যক্রম চারটি অংশে পরিচালিত হচ্ছে—মূল ফুড ডেলিভারি ব্যবসা, কুইক-কমার্স প্ল্যাটফর্ম পান্ডামার্ট, ক্লাউড কিচেন ইউনিট ডিএইচ কিচেনস এবং হোল্ডিং কোম্পানি জেড ১৩৪৩ জিএমবিএইচ অ্যান্ড কো ভিয়ের্টে ভারভালটুংস কেজি।

 

আর্থিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সাল থেকে এসব কার্যক্রম সম্মিলিতভাবে ১১০ দশমিক ৬৬ মিলিয়ন ইউরো লোকসান করেছে। এই সময়ে কোনো বছরেই প্রতিষ্ঠানটি লাভের অবস্থানে যেতে পারেনি।

 

ফুডপান্ডার মূল ডেলিভারি ব্যবসাই সবচেয়ে বেশি লোকসানের মুখে পড়েছে। এ খাতে এখন পর্যন্ত লোকসানের পরিমাণ ৭৯ দশমিক ২২ মিলিয়ন ইউরো। প্রতিবেদন অনুযায়ী, গত বছর এ বিভাগের লোকসান ৬৫ শতাংশ বেড়ে ৭ দশমিক ১৪ মিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে। যা পুরো গ্রুপের মোট লোকসানের ৬০ শতাংশের বেশি।

 

অন্যদিকে, ফুডপান্ডার গ্রোসারি সরবরাহকারী শাখা ‘পান্ডামার্ট’ গত বছর ২ দশমিক ২৭ মিলিয়ন ইউরো লোকসান করেছে। ২০২০ সালে চালুর পর থেকে এ পর্যন্ত এই বিভাগের মোট লোকসান দাঁড়িয়েছে ২০ দশমিক ২৭ মিলিয়ন ইউরো।

 

ফুডপান্ডার ক্লাউড কিচেন বিভাগ ‘ডিএইচ কিচেনস’ গত বছর আগের তুলনায় লোকসান কমিয়েছে। ২০২৪ সালে এ বিভাগের লোকসান ছিল ৩ লাখ ৪০ হাজার ইউরো। তবে ২০২০ সাল থেকে এখন পর্যন্ত মোট লোকসানের পরিমাণ ২ দশমিক ২৮ মিলিয়ন ইউরো।

 

এ ছাড়া প্রতিষ্ঠানটির হোল্ডিং কোম্পানি ‘জেড ১৩৪৩’ গত বছর ২ দশমিক ০১ মিলিয়ন ইউরো লোকসান করেছে। ২০২১ সাল থেকে এ পর্যন্ত এই প্রতিষ্ঠানের মোট লোকসান দাঁড়িয়েছে ৮ দশমিক ৮৯ মিলিয়ন ইউরো।

 

বাজার বিশ্লেষকদের মতে, বাংলাদেশে অনলাইন ডেলিভারি খাতের দ্রুত সম্প্রসারণ হলেও উচ্চ পরিচালন ব্যয়, ডিসকাউন্ট নির্ভর ব্যবসায়িক কৌশল এবং তীব্র প্রতিযোগিতার কারণে প্রতিষ্ঠানগুলোকে লাভজনক অবস্থানে যেতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।

 

২০১৩ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে ফুডপান্ডা। দীর্ঘ সময় ধরে বাজার সম্প্রসারণে বিনিয়োগ করলেও এখন পর্যন্ত লাভজনক হতে পারেনি প্রতিষ্ঠানটি। সম্প্রতি ডেলিভারি হিরোকে অধিগ্রহণ করতে উবারের ১৩ বিলিয়ন ডলারের প্রস্তাবের পর ফুডপান্ডার ভবিষ্যৎ নিয়েও নতুন আলোচনা শুরু হয়েছে।

 

উবারের পক্ষ থেকে বলা হয়েছে, এই অধিগ্রহণের মাধ্যমে দক্ষিণ কোরিয়া ও মধ্যপ্রাচ্যের মতো বাজারে খাবার ডেলিভারি সেবার মাধ্যমে নতুন গ্রাহক তৈরি এবং ক্রস-সেলিংয়ের সুযোগ তৈরি হবে।

 

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সাবেক সভাপতি এ কে এম ফাহিম মাশরুর বলেন, উবারের অধিগ্রহণের পর দুটি সম্ভাবনা রয়েছে।

 

তিনি বলেন, একটি সম্ভাবনা হলো উবার ফুডপান্ডা ব্র্যান্ড ধরে রেখে বর্তমান কাঠামোতেই ব্যবসা পরিচালনা করবে। অন্য সম্ভাবনা হলো, বাংলাদেশ বাজারে লাভজনকতা কম হওয়ায় উবার ব্র্যান্ডটি পরিবর্তন বা বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারে।

 

তবে ফুডপান্ডা বাংলাদেশ জানিয়েছে, অধিগ্রহণের ঘোষণার পর তাদের কার্যক্রমে এখনো কোনো পরিবর্তন আসেনি। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, চুক্তি সম্পন্ন হওয়ার আগে কোনো সাংগঠনিক বা ব্র্যান্ডিং পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হবে না। চুক্তিটি ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে সম্পন্ন হতে পারে বলে আশা করা হচ্ছে।

 

ফুডপান্ডা বাংলাদেশ আরও জানিয়েছে, বাংলাদেশ ডেলিভারি হিরোর অন্যতম সম্ভাবনাময় বাজার এবং গত এক দশকে প্রযুক্তি উন্নয়ন, স্থানীয় অর্থনীতি শক্তিশালীকরণ এবং গ্রাহক ও অংশীদারদের জন্য একটি কার্যকর ইকোসিস্টেম তৈরিতে প্রতিষ্ঠানটি বিনিয়োগ করেছে। এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও উবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

 


সম্পর্কিত

ফুডপান্ডা

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

অ্যাডভান্স নিয়েও ডেলিভারিতে টালবাহানা: প্রতারণা ও অপমানের অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে

দেশের প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান Star Tech & Engineering Ltd.-এর বিরুদ্ধে অগ্রিম অর্থ নেওয়ার পরও প্রি-অর্ডার করা ম্যাকবুক সরবরাহ না করা, পরে একই পণ্যের দাম বাড়িয়ে বিক্রির চেষ্টা এবং শোরুমে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।

প্রবাসীদের স্বপ্নের বাড়ি নির্মাণে ক্রাউন সিমেন্টের ‘প্রিয় প্রবাসী’ ক্যাম্পেইন

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী বাংলাদেশিদের স্বপ্নের বাড়ি নির্মাণে পাশে দাঁড়াতে বিশেষ ক্যাম্পেইন চালু করেছে ক্রাউন সিমেন্ট। ‘প্রিয় প্রবাসী’ নামের এই উদ্যোগের মাধ্যমে প্রবাসীদের দেশে বাড়ি নির্মাণের স্বপ্ন পূরণে বিভিন্ন সুবিধা দেওয়ার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।

৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি নিয়ে আসছে শাওমির ‘রেডমি ১৭’

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতা দিতে আগামী আগস্টে দেশের বাজারে নতুন স্মার্টফোন ‘রেডমি ১৭’ উন্মোচন করতে যাচ্ছে শাওমি বাংলাদেশ। দীর্ঘস্থায়ী ব্যাটারি, দ্রুত চার্জিং প্রযুক্তি এবং সুরক্ষা সুবিধার সমন্বয়ে ডিভাইসটি বাজারে আনছে প্রতিষ্ঠানটি।

যে ৮ টুথপেস্টে মেলেনি মাইক্রোপ্লাস্টিক, গবেষণায় প্রকাশ তালিকা

প্রতিদিন দাঁত পরিষ্কার করতে ব্যবহৃত টুথপেস্টের মাধ্যমেই অজান্তে শরীরে প্রবেশ করতে পারে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। দেশে বাজারজাত বিভিন্ন টুথপেস্টের ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষা করা প্রতি চারটি টুথপেস্টের মধ্যে প্রায় তিনটিতেই এই ক্ষুদ্র প্লাস্টিক কণা রয়েছে।