

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতা দিতে আগামী আগস্টে দেশের বাজারে নতুন স্মার্টফোন ‘রেডমি ১৭’ উন্মোচন করতে যাচ্ছে শাওমি বাংলাদেশ। দীর্ঘস্থায়ী ব্যাটারি, দ্রুত চার্জিং প্রযুক্তি এবং সুরক্ষা সুবিধার সমন্বয়ে ডিভাইসটি বাজারে আনছে প্রতিষ্ঠানটি।
শাওমি বাংলাদেশ জানিয়েছে, রেডমি ১৭ স্মার্টফোনে থাকছে ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের বড় ব্যাটারি। এর পাশাপাশি এতে যুক্ত করা হয়েছে ৪৫ ওয়াট টার্বো চার্জিং প্রযুক্তি, যা ব্যবহারকারীদের দ্রুত চার্জের সুবিধা দেবে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, একবার পূর্ণ চার্জে রেডমি ১৭ সাধারণ ব্যবহারে সর্বোচ্চ ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। অন্যদিকে, ৪৫ ওয়াট টার্বো চার্জিং প্রযুক্তির মাধ্যমে মাত্র ৪৫ মিনিটে ব্যাটারি ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে।
স্মার্টফোনটির স্থায়িত্ব বাড়াতে এতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই সুরক্ষা। দীর্ঘমেয়াদি ব্যবহার এবং দৈনন্দিন প্রয়োজনের কথা বিবেচনা করে বিভিন্ন ফিচারের সমন্বয়ে ডিভাইসটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে শাওমি বাংলাদেশ।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগস্ট মাসেই বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে রেডমি ১৭। তবে উন্মোচনের নির্দিষ্ট তারিখ, মূল্য এবং বাজারে প্রাপ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে শাওমি বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে জানানো হবে।



