বাংলাদেশ


পত্রিকা: এশিয়ার মধ্যে বাংলাদেশে তেলের মজুত সর্বনিম্ন


দূরবিন ডেস্ক

দূরবিন ডেস্ক

প্রকাশিত:০৮ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন, রবিবার

আপডেট:০৮ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার

পত্রিকা: এশিয়ার মধ্যে বাংলাদেশে তেলের মজুত সর্বনিম্ন

পত্রিকা


ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় আজকের প্রধান সংবাদগুলোতে উঠে এসেছে নানা গুরুত্বপূর্ণ বিষয়। নিচে আজকের উল্লেখযোগ্য কয়েকটি দৈনিক পত্রিকার প্রধান সংবাদ তুলে ধরা হলো- 

 

যুগান্তর:


এশিয়ার মধ্যে বাংলাদেশে তেলের মজুত সর্বনিম্ন। খবরে বলা হয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং তেল বিতরণকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনার অদক্ষতা ও পরিকল্পনার ঘাটতির কারণে দেশে জ্বালানি তেলের সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।

 

২০২০ সালে অন্তত ৬০ দিনের তেল মজুত সক্ষমতা তৈরির সিদ্ধান্ত থাকলেও বর্তমানে দেশের মজুত ক্ষমতা মাত্র ৩০–৩৫ দিনের, যার মধ্যে ডিজেলের মজুত রয়েছে প্রায় ১০–১১ দিনের।

 

আন্তর্জাতিক তুলনায় বাংলাদেশের মজুত সক্ষমতা অনেক কম। ভারতে তেলের মজুত রয়েছে প্রায় ৭৪ দিনের, ভিয়েতনামে ৪৫ দিন, থাইল্যান্ডে ৬১ দিন এবং জাপানে প্রায় ২৫০ দিনের সমপরিমাণ।

জ্বালানি বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের বর্তমান মজুত আসলে জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য যথেষ্ট নয়; বরং এটি কেবল স্বাভাবিক পরিচালনার জন্য রাখা মজুত।

 

বিশেষজ্ঞরা আরও অভিযোগ করেছেন, তেল বিতরণকারী কোম্পানিগুলো মজুত অবকাঠামো বাড়ানোর পরিবর্তে ব্যাংকে অর্থ জমা রেখে সুদ অর্জনের দিকেই বেশি আগ্রহী। এ পরিস্থিতিকে অদক্ষ ব্যবস্থাপনার উদাহরণ হিসেবে উল্লেখ করে তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেছেন।

 

 

প্রথম আলো:


এক বছরে ধর্ষণের ঘটনা বেড়েছে ২৭ শতাংশ। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে করা এ প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালগুলোতে ভুক্তভোগী নারী ও তাদের পরিবারের ভিড় থেকেই বোঝা যায় বিচারপ্রার্থীদের মানসিক যন্ত্রণা কতটা গভীর।

 

আদালতের কক্ষের ভেতরে জায়গা না থাকায় অনেকেই বারান্দায় অপেক্ষা করেন। মামলার শুনানির সময় অনেক ক্ষেত্রে নির্যাতনের বেদনাদায়ক বর্ণনাও শোনা যায়।

 

এসব আদালতে ধর্ষণসহ বিভিন্ন নির্যাতনের মামলায় ভুক্তভোগীরা বিচার পাওয়ার আশায় হাজির হন। তবে দীর্ঘ বিচারপ্রক্রিয়া ও মানসিক চাপ তাঁদের ওপর বড় প্রভাব ফেলছে।

 

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত এক বছরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার সংখ্যা প্রায় ২৫ শতাংশ বেড়েছে এবং ধর্ষণের মামলা বেড়েছে ২৭ শতাংশের বেশি। গত বছরে নারী নির্যাতনের মোট মামলার প্রায় এক-তৃতীয়াংশই ছিল ধর্ষণের অভিযোগ।

 

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানিয়েছে, ২০১৬ থেকে ২০২৩ সালের মধ্যে করা ধর্ষণের অভিযোগের ১১ হাজারের বেশি মামলার তদন্তে প্রায় ৪৪ শতাংশ অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি।

 

বণিক বার্তা:


পাকিস্তানে ৭০ শতাংশ পেট্রল পাম্প বন্ধ হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

 

খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব পাকিস্তানেও পড়তে শুরু করেছে।

 

সম্ভাব্য জ্বালানি সংকটের আশঙ্কায় করাচির বিভিন্ন পেট্রল পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে এবং কিছু পাম্প সাময়িকভাবে বন্ধও রাখা হয়েছে। একই সঙ্গে সারা দেশে জ্বালানি সংকটের আশঙ্কা প্রকাশ করে সতর্কবার্তা জারি করেছেন পেট্রোলিয়াম ডিলাররা।

 

যদিও পাকিস্তান সরকার বলছে দেশে পেট্রল ও ডিজেলের কোনো ঘাটতি নেই, তবে নতুন জ্বালানি মূল্যের ঘোষণা কার্যকর হওয়ার আগেই অনেক নাগরিক তড়িঘড়ি করে জ্বালানি কিনতে পাম্পে ভিড় করছেন।

 

খাইবার পাখতুনখোয়া পেট্রোলিয়াম ডিলারস অ্যান্ড কটেজ কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশনের তথ্য সচিব নাজিবুল্লাহ জানিয়েছেন, বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে বিপণন কোম্পানিগুলো ডিলারদের কাছে পেট্রল ও ডিজেল সরবরাহ বন্ধ করে দিয়েছে।

 

এর ফলে অনেক এলাকার পাম্প ইতোমধ্যে জ্বালানিশূন্য হয়ে পড়েছে। তিনি বলেন, এ অবস্থা চলতে থাকলে আগামী সোমবারের মধ্যে দেশের প্রায় ৭০ শতাংশ পেট্রল পাম্পের মজুত শেষ হয়ে যেতে পারে।

 

মানবজমিন:


জ্বালানি তেল নিয়ে ‘তেলেসমাতি’। খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানির বাজার অস্থির হয়ে উঠেছে, যার প্রভাব পড়েছে দেশীয় বাজারেও।

 

এ মুহূর্তে বড় ধরনের সংকট না থাকলেও ভবিষ্যৎ সংকটের আশঙ্কায় বাড়তি জ্বালানি মজুতের প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে সরকার জ্বালানি তেল বিক্রির সীমা নির্ধারণ করে দিয়েছে।

 

সরকার বলছে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং আমদানির পাইপলাইনে তেল রয়েছে। তাই প্রয়োজন অনুযায়ী তেল কিনতে অনুরোধ জানানো হয়েছে।

 

তবে অনেকেই এই আহ্বান উপেক্ষা করে বাড়তি তেল সংগ্রহ করতে পাম্পে ভিড় করছেন। এতে কিছু এলাকায় কৃত্রিম সংকট তৈরি হয়েছে এবং কোথাও কোথাও পাম্প বন্ধ রাখতে হয়েছে।

 

সংকটের সুযোগে পাম্প মালিকরা বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করছেন এমন অভিযোগও উঠেছে। এমনকি পুলিশ পাহারায় জ্বালানি তেল বিক্রির ঘটনাও ঘটেছে।

 

নিউ এইজ:


Women's affairs reforms still on paper-অর্থাৎ নারী বিষয়ক সংস্কারের কথা এখনো কাগজে-কলমেই সীমাবদ্ধ।

 

খবরে বলা হয়েছে, জুলাই অভ্যুত্থানের পরও বাংলাদেশে নারীদের প্রতি বৈষম্য দূর করা, সম্পত্তির অধিকার নিশ্চিত করা এবং রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি। নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশগুলোর বেশিরভাগই এখনো বাস্তবায়নের বাইরে রয়েছে।

 

২০২৫ সালের ১৯ এপ্রিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে নারী বিষয়ক সংস্কার কমিশন মোট ৪৩৩টি সুপারিশ জমা দেয়। এসব সুপারিশের মধ্যে নারীদের সমান সম্পত্তির অধিকার, একটি ইউনিফর্ম ফ্যামিলি কোড প্রণয়ন এবং একটি স্থায়ী ও স্বাধীন নারী বিষয়ক কমিশন গঠনের প্রস্তাব ছিল।

 

এদিকে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার জানিয়েছে, তারা কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করবে। নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

 

আজকের পত্রিকা:


শুল্ক কমানোর সুফল নেই এলপি গ্যাসের দামে।

 

খবরে বলা হয়েছে, সরকার এলপি গ্যাসের আমদানি শুল্ক কমালেও বাজারে এর সুফল পাচ্ছেন না ভোক্তারা। সরকার নির্ধারিত ১২ কেজি সিলিন্ডারের দাম ১,৩৪১ টাকা হলেও রাজধানীসহ বিভিন্ন এলাকায় তা প্রায় ১,৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

 

এর ফলে প্রতি কেজি গ্যাসে ভোক্তাদের অন্তত ৩০ টাকা বেশি গুনতে হচ্ছে। দেশের দৈনিক প্রায় ৫ হাজার টন গ্যাসের চাহিদা বিবেচনায় প্রতিদিন প্রায় ১৫ কোটি টাকা অতিরিক্ত আদায় করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

খুচরা বিক্রেতাদের দাবি, তারা প্ল্যান্ট ও ডিস্ট্রিবিউটরদের কাছ থেকেই বেশি দামে সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছেন। ফলে নির্ধারিত দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না।

 

ডিস্ট্রিবিউটরদের মতে, সীমিত সরবরাহ, পরিবহন ব্যয় ও অপেক্ষার সময় বাড়ায় প্রান্তিক পর্যায়ে দাম বেড়ে যাচ্ছে। অন্যদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মতে, আমদানিকারকেরা প্রকৃত দামের চেয়ে বেশি মূল্যে গ্যাস সরবরাহ করছে। সরকারি ইনভয়েস ও বাস্তব বিক্রয়মূল্যের মধ্যে পার্থক্যের প্রমাণও পাওয়া গেছে, যার ফলে সরবরাহ ব্যবস্থায় অসাধু ব্যবসায়ীরা বাড়তি মুনাফা করছে।

 

দ্য ডেইলি স্টার:


Family Card pilot to cover 40,000 households-অর্থাৎ পরীক্ষামূলকভাবে ৪০ হাজার পরিবার পাবে ফ্যামিলি কার্ড।

 

সরকার পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করতে যাচ্ছে। এ কর্মসূচির আওতায় আগামী চার মাসে ৪০ হাজার পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে।

 

আগামী ১০ মার্চ থেকে প্রতি মাসে ১০ হাজার পরিবারকে এই কার্ড দেওয়া হবে এবং প্রতিটি পরিবার মাসে ২,৫০০ টাকা করে ভাতা পাবে।

 

এই কর্মসূচির জন্য সংশোধিত বাজেটের ব্লক বরাদ্দ থেকে প্রায় ৩৯ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রায় ২৫ দশমিক ১৫ কোটি টাকা ভাতা হিসেবে ব্যয় হবে এবং বাকি অর্থ উপকারভোগী নির্বাচন ও প্রশাসনিক কার্যক্রমে ব্যয় করা হবে।

 

প্রথম ধাপে ১৪টি ওয়ার্ডের প্রায় ৩ লাখ ২০ হাজার পরিবারের ৫০ ধরনের তথ্য সংগ্রহ করা হবে যোগ্যতা যাচাইয়ের জন্য। এ কাজে ৫৬০ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হবে এবং প্রত্যেকে ৫,০০০ টাকা করে ভাতা পাবেন। জুনের মধ্যে তথ্য সংগ্রহ শেষ করে ৪০ হাজার উপকারভোগী নির্বাচন করা হবে।

 

নয়া দিগন্ত:


সংসদে নিজেদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করতে প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো।

 

দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হতে যাচ্ছে জাতীয় সংসদের নতুন অধিবেশন। এই অধিবেশনকে কেন্দ্র করে সরকারি দল ও বিরোধী দল উভয়ই জোর প্রস্তুতি নিচ্ছে।

 

ইতোমধ্যে বিভিন্ন দল তাদের নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। কারণ এবারের সংসদের অধিকাংশ সদস্যই নতুন। প্রশিক্ষণের মাধ্যমে তারা সংসদে নিজেদের সক্ষমতা ও উপস্থিতি তুলে ধরতে চান।

 

সংসদে সম্ভাব্য তর্ক-বিতর্ক ও রাজনৈতিক মোকাবেলার প্রস্তুতিও নিচ্ছে বিভিন্ন দল। বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি সব দলই নিজেদের সংসদ সদস্যদের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করেছে বলে জানা গেছে।

 

আগামী ১২ মার্চ শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সেই অধিবেশনেই বোঝা যাবে নতুন সংসদ সদস্যদের প্রস্তুতি সংসদের আলোচনায় কতটা প্রতিফলিত হয়।

 

দেশ রূপান্তর:


দুবাই থেকে পুঁজি সরানোর পথ খুঁজছেন এশিয়ার ধনী ব্যক্তিরা।

 

ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রভাবে উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এর ফলে দুবাইয়ে বসবাসকারী অনেক এশীয় ধনী ব্যক্তি ও উদ্যোক্তা তাদের সম্পদ অন্যত্র সরিয়ে নেওয়ার কথা ভাবছেন।

 

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর দুবাইয়ে বসবাসকারী ভারতীয় দুই উদ্যোক্তা তাদের সম্পদ নিয়ে উদ্বেগে পড়েন। তারা স্থানীয় ব্যাংক হিসাব থেকে কিছু অর্থ সিঙ্গাপুরে স্থানান্তরের চেষ্টা করেন।

 

প্রথমে প্রযুক্তিগত সমস্যার কারণে তাদের পরিকল্পনা ব্যর্থ হলেও পরে তাদের একজন বিকল্প পদ্ধতিতে সিঙ্গাপুরের একটি ব্যাংক হিসাবে অর্থ পাঠাতে সক্ষম হন।

 

বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত উপসাগরীয় অঞ্চলকে নিরাপদ বিনিয়োগ কেন্দ্র হিসেবে যে সুনাম ছিল, তা প্রশ্নের মুখে ফেলেছে।

 

কালের কণ্ঠ:


হামলার শঙ্কায় নির্ঘুম রাত কাটছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে।

 

ইরানকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলা, জঙ্গিবিমান ও ড্রোনের তৎপরতায় অঞ্চলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন স্থানে প্রাণহানির ঘটনাও ঘটছে।

 

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বড় ধরনের হামলার ঘোষণা দিলে জবাবে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেন, ইরান কোনো হুমকির কাছে মাথা নত করবে না এবং যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোর ওপর নজর রাখছে।

 

এদিকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পণ্যবাহী জাহাজের জন্য কার্যত বন্ধ রয়েছে। ইউরোপের বেশ কয়েকটি দেশও মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি জড়ো করছে, ফলে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

 

 


সম্পর্কিত

বাংলাদেশপত্রিকাপাকিস্তান

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

সুনামগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান: পাঁচ প্রতিষ্ঠানের ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

সুনামগঞ্জ পৌর শহর ও সদর উপজেলার রাধানগর পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

তারাবিহ নামাজে বের হয়েছিল মাদ্রাসাছাত্র, বাঁশঝাড়ে মিলল রক্তাক্ত লাশ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) রাতে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের শোশাইরচর গ্রামের একটি বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

জ্বালানি সরবরাহে স্বস্তি: চট্টগ্রাম বন্দরে ভিড়ছে একের পর এক ডিজেলবাহী জাহাজ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে জ্বালানি সরবরাহ নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তার মধ্যেই স্বস্তির খবর দিয়েছে জ্বালানি খাত। অল্প সময়ের ব্যবধানে দ্বিতীয় ডিজেলবাহী জাহাজ দেশে পৌঁছেছে, যা দেশের জ্বালানি মজুত পরিস্থিতিতে কিছুটা স্বস্তি আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শহীদ ওসমান হাদি হত্যা মামলায় নাটকীয় মোড়

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যা মামলায় নতুন মোড় তৈরি হয়েছে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, এই হত্যাকাণ্ডের সন্দেহভাজন প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে। খবরটি প্রকাশের পরপরই বাংলাদেশে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।