বাংলাদেশ


হাওরাঞ্চলে হাঁসের হ্যাচারি শিল্পের উত্থান, বদলে যাচ্ছে হাজারো পরিবারের জীবন


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:১০ মে ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন, রবিবার

হাওরাঞ্চলে হাঁসের হ্যাচারি শিল্পের উত্থান, বদলে যাচ্ছে হাজারো পরিবারের জীবন

নেত্রকোনা-র হাওরাঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ, আগাম বন্যা ও মৌসুমি কর্মসংকটের মধ্যেও বিকল্প অর্থনীতির নতুন সম্ভাবনা তৈরি করেছে হাঁসের বাচ্চা উৎপাদনের সনাতনী হ্যাচারি শিল্প। জেলার মদন উপজেলার কুটুরীকোণা গ্রামের একটি ছোট উদ্যোগ এখন পরিণত হয়েছে বৃহৎ কর্মসংস্থানের কেন্দ্রে।

 

১৯৯০ সালে গ্রামের বাসিন্দা ইদ্রিস মিয়া মাত্র ১২ হাজার টাকা পুঁজি নিয়ে প্রতিষ্ঠা করেন ‘নাজাহ হাঁসের খামার ও হ্যাচারি’। পরে তাঁর ছেলে আমিনুল ইসলাম শিক্ষকতার পাশাপাশি বাবার সেই উদ্যোগকে বড় পরিসরে সম্প্রসারণ করেন। বর্তমানে খামারটিতে প্রায় ৩০ লাখ টাকার বিনিয়োগ রয়েছে।

 

খামার সূত্রে জানা গেছে, প্রতিদিন উৎপাদিত একদিন বয়সী হাঁসের বাচ্চা ৩৫ টাকা দরে বিক্রি হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে দামও। মাস শেষে তিন থেকে চার লাখ টাকা পর্যন্ত লাভ হচ্ছে এই খামার থেকে। দেশের বিভিন্ন এলাকায় সরাসরি ও অনলাইনের মাধ্যমে বিক্রি হচ্ছে এসব হাঁসের বাচ্চা।

 

উদ্যোক্তা আমিনুল ইসলাম বলেন, “বাবা খুব ছোট পরিসরে শুরু করেছিলেন। এখন আমরা বড় আকারে কাজ করছি। সঠিক পরিচর্যা করলে এই খাতে ভালো লাভ করা সম্ভব। আমার হিসাবমতে সারা দেশে প্রায় দুই লাখ নারী-পুরুষের কর্মসংস্থান হয়েছে।”

 

মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীসহ বিস্তীর্ণ হাওরাঞ্চলে বর্ষাকালে কৃষিকাজ প্রায় বন্ধ হয়ে যায়। ফলে অনেক মানুষ কাজের খোঁজে শহরমুখী হন। তবে কুটুরীকোণার এই উদ্যোগ স্থানীয় মানুষের জন্য নতুন কর্মসংস্থানের পথ খুলে দিয়েছে।

 

স্থানীয়রা জানান, গ্রামের টিন বা কাঁচা ঘরের ভেতরে তৈরি ছোট ছোট হ্যাচারিতে সারিবদ্ধভাবে রাখা হয় হাঁসের ডিম। হ্যারিকেনের আলো ও তুষের তাপে তৈরি করা হয় প্রয়োজনীয় উষ্ণতা। অভিজ্ঞ কারিগরদের তত্ত্বাবধানে ২৭ থেকে ২৮ দিনের মধ্যেই ডিম ফুটে বের হয় বাচ্চা।

 

সংশ্লিষ্টদের দাবি, সনাতনী পদ্ধতিতে উৎপাদিত হাঁসের বাচ্চার মৃত্যুহার কম এবং রোগ প্রতিরোধক্ষমতা তুলনামূলক বেশি হওয়ায় বাজারে এসব বাচ্চার চাহিদাও ব্যাপক।

 

শুধু খামারের মালিক নয়, ডিম সংগ্রহ, পরিবহন ও বিপণনের সঙ্গে যুক্ত হয়ে আয় করছেন আশপাশের বহু মানুষ। ফলে এই শিল্পকে ঘিরে গড়ে উঠেছে একটি বড় অর্থনৈতিক চক্র।

 

ক্রেতাদের ভাষ্য, কুটুরীকোণার হাঁসের বাচ্চার মান ভালো হওয়ায় তারা এখান থেকেই বাচ্চা সংগ্রহ করতে আগ্রহী।

 

জেলা প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে, কুটুরীকোণা গ্রামে বছরে প্রায় তিন কোটি হাঁসের বাচ্চা উৎপাদন হয়। স্থানীয় অর্থনীতির পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই খাত। সরকারি সহায়তা বাড়িয়ে এই উদ্যোগকে আরও সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

কর্পোরেট একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ পোস্ট-বাজেট সামিট ২০২৬’

জাতীয় বাজেট ২০২৬-২৭-এর কার্যকর বাস্তবায়ন, রাজস্ব খাতের সংস্কার এবং আরও ব্যবসাবান্ধব নীতি-পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কর্পোরেট একাডেমি ফর প্রফেশনাল এক্সেলেন্স (CAPE)-এর উদ্যোগে এবং টয়োটা বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ পোস্ট-বাজেট সামিট ২০২৬, Driven by Toyota Bangladesh’।

ইউএস-বাংলা ও ঢাকা ফ্ল্যাশের বিশ্বকাপ কুইজের বিজয়ীরা পেলেন রিটার্ন বিমান টিকিট

ফুটবল বিশ্বকাপ শেষ হলেও ফুটবলপ্রেমীদের অংশগ্রহণ ও আগ্রহকে উৎসাহিত করতে ইউএস-বাংলা এয়ারলাইনস ও ঢাকা ফ্ল্যাশের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতা’র ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে লটারির মাধ্যমে দুই বিজয়ীর নাম ঘোষণা করা হয় এবং তাদের জন্য রিটার্ন বিমান টিকিট প্রদান করা হয়।

বাংলাদেশে ট্যালি প্রাইম ৭.১ উন্মোচন, যুক্ত হলো ইনভয়েস কাস্টমাইজেশনসহ নতুন সুবিধা

ব্যবসা ব্যবস্থাপনা সফটওয়্যার খাতে বিশ্বব্যাপী পরিচিত প্রযুক্তি প্রতিষ্ঠান ট্যালি সলিউশনস বাংলাদেশে তাদের সর্বশেষ সংস্করণ ট্যালি প্রাইম ৭.১ উন্মোচন করেছে। নতুন এই সংস্করণে ইনভয়েস পার্সোনালাইজেশন, ব্যবসায়িক তথ্য সংযোজন এবং নথি ব্যবস্থাপনায় বেশ কয়েকটি নতুন ও উন্নত সুবিধা যুক্ত করা হয়েছে।

গ্রামীণফোনের বিরুদ্ধে গ্রাহকের নামে অন্যত্র জিপিফাই সংযোগ ব্যবহারের অভিযোগ, থানায় জিডি ও ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নিজের নাম ও ঠিকানা ব্যবহার করে অন্য ব্যক্তি বা গোষ্ঠীর কাছে জিপিফাই (GPFi) ইন্টারনেট সংযোগ ও ডিভাইস সরবরাহ করার অভিযোগ উঠেছে মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে। এ ঘটনায় চট্টগ্রাম নগরীর এক গ্রাহক কোতোয়ালী থানায় সাধারণ ডায়রি (জিডি) করার পাশাপাশি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।