বাংলাদেশ


এবার টঙ্গীতে ভিভো মোবাইল বিস্ফোরণ, অল্পের জন্য প্রাণে রক্ষা পেল পরিবার


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৪ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন, বুধবার

এবার টঙ্গীতে ভিভো মোবাইল বিস্ফোরণ, অল্পের জন্য প্রাণে রক্ষা পেল পরিবার

গাজীপুরের টঙ্গীতে একটি পরিবারের ব্যবহৃত ভিভো ওয়াই-২০ মডেলের স্মার্টফোন হঠাৎ অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরিত হওয়ার ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

 

রোববার (২১ জুন) টঙ্গীর একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় মোবাইল ফোনটি থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়, যা পুরো পরিবারকে আতঙ্কিত করে তোলে।

 

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় এক গৃহবধূ অসুস্থ অবস্থায় ঘরের মেঝেতে শুয়ে ছিলেন। হঠাৎ তিনি অনুভব করেন, তার ব্যবহৃত মোবাইল ফোনটি অস্বাভাবিকভাবে গরম হয়ে উঠছে। বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত ফোনটি পরিবারের অন্য সদস্যের হাতে তুলে দেন।

 

এর কিছুক্ষণ পর মোবাইল ফোনটি থেকে ধোঁয়া বের হতে শুরু করলে সম্ভাব্য বিপদের আশঙ্কায় সেটি দ্রুত বারান্দায় নিয়ে রাখা হয়। বারান্দায় রাখার কিছু সময়ের মধ্যেই ফোনটি বিস্ফোরিত হয়। পুরো ঘটনাটি পরিবারের এক সদস্য ভিডিও ধারণ করেন।

 

পরিবারের সদস্যদের ভাষ্য, মোবাইল ফোনটি যদি ঘরের ভেতরে কিংবা বিছানার ওপর থাকত, তাহলে আগুন লাগাসহ আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারত। বিশেষ করে পরিবারের ছোট শিশুরা নিয়মিত ওই ফোনে গেমস ও ভিডিও দেখত বলে জানান তারা।

 

ঘটনার পর পুরো পরিবার আতঙ্কিত হয়ে পড়ে। তাদের দাবি, অল্পের জন্য একটি বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে এবং ঘটনার পর সারারাত উদ্বেগের মধ্যে কাটাতে হয়েছে।

 

এর আগে গত ১৪ জুন ঢাকার আশুলিয়ায় মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে মিজানুর রহমান (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার রাতে বিকট শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে যান। তখন ভুক্তভোগীর চিৎকার শুনে রুমের বারান্দার তালা ভেঙে তাকে উদ্ধার করা হয়। বিস্ফোরণের ফলে ঘরের কিছু আসবাবপত্রও পুড়ে যায়।

 

স্থানীয় সূত্রের দাবি, ঘটনাস্থলে ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউওও মডেলের একটি স্মার্টফোনের প্যাকেট এবং মোবাইল ও চার্জারের পোড়া অংশ পাওয়া যায়।

 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে জানান, মিজানুর রহমানের শরীরের প্রায় ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

সাম্প্রতিক সময়ে স্মার্টফোন অতিরিক্ত গরম হওয়া ও বিস্ফোরণের একাধিক ঘটনা সামনে আসায় ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা চার্জিংয়ের সময় মানসম্মত চার্জার ব্যবহার, অতিরিক্ত তাপমাত্রায় ফোন ব্যবহার না করা এবং ব্যাটারিতে অস্বাভাবিকতা দেখা দিলে দ্রুত সার্ভিস সেন্টারের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

 
 

সম্পর্কিত

টঙ্গীমোবাইল বিস্ফোরণভিভোস্মার্টফোন

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

কর্পোরেট একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ পোস্ট-বাজেট সামিট ২০২৬’

জাতীয় বাজেট ২০২৬-২৭-এর কার্যকর বাস্তবায়ন, রাজস্ব খাতের সংস্কার এবং আরও ব্যবসাবান্ধব নীতি-পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কর্পোরেট একাডেমি ফর প্রফেশনাল এক্সেলেন্স (CAPE)-এর উদ্যোগে এবং টয়োটা বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ পোস্ট-বাজেট সামিট ২০২৬, Driven by Toyota Bangladesh’।

ইউএস-বাংলা ও ঢাকা ফ্ল্যাশের বিশ্বকাপ কুইজের বিজয়ীরা পেলেন রিটার্ন বিমান টিকিট

ফুটবল বিশ্বকাপ শেষ হলেও ফুটবলপ্রেমীদের অংশগ্রহণ ও আগ্রহকে উৎসাহিত করতে ইউএস-বাংলা এয়ারলাইনস ও ঢাকা ফ্ল্যাশের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতা’র ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে লটারির মাধ্যমে দুই বিজয়ীর নাম ঘোষণা করা হয় এবং তাদের জন্য রিটার্ন বিমান টিকিট প্রদান করা হয়।

বাংলাদেশে ট্যালি প্রাইম ৭.১ উন্মোচন, যুক্ত হলো ইনভয়েস কাস্টমাইজেশনসহ নতুন সুবিধা

ব্যবসা ব্যবস্থাপনা সফটওয়্যার খাতে বিশ্বব্যাপী পরিচিত প্রযুক্তি প্রতিষ্ঠান ট্যালি সলিউশনস বাংলাদেশে তাদের সর্বশেষ সংস্করণ ট্যালি প্রাইম ৭.১ উন্মোচন করেছে। নতুন এই সংস্করণে ইনভয়েস পার্সোনালাইজেশন, ব্যবসায়িক তথ্য সংযোজন এবং নথি ব্যবস্থাপনায় বেশ কয়েকটি নতুন ও উন্নত সুবিধা যুক্ত করা হয়েছে।

গ্রামীণফোনের বিরুদ্ধে গ্রাহকের নামে অন্যত্র জিপিফাই সংযোগ ব্যবহারের অভিযোগ, থানায় জিডি ও ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নিজের নাম ও ঠিকানা ব্যবহার করে অন্য ব্যক্তি বা গোষ্ঠীর কাছে জিপিফাই (GPFi) ইন্টারনেট সংযোগ ও ডিভাইস সরবরাহ করার অভিযোগ উঠেছে মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে। এ ঘটনায় চট্টগ্রাম নগরীর এক গ্রাহক কোতোয়ালী থানায় সাধারণ ডায়রি (জিডি) করার পাশাপাশি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।