জাতীয়
মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান দুর্ঘটনায় বড় বোনকে হারানো সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাহসিন আব্দুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে বাবা নাজমুল হককে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাহসিন।
সম্প্রতি বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত একটি ক্রীড়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দিকে হাসিমুখে হাত বাড়িয়ে এগিয়ে যাওয়ার তাহসিনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। পরে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি তাহসিনের পরিবারের খোঁজ নেওয়ার নির্দেশ দেন।
গত ২৭ জুলাই আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে মাঠ প্রদক্ষিণের সময় ক্যামেরাবন্দি হয় তাহসিনের সেই মুহূর্ত। পরবর্তীতে জানা যায়, ২০২৫ সালের জুলাইয়ে উত্তরার মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় তাহসিনের বড় বোন তাসনিয়া নিহত হন। দুর্ঘটনার সময় তাহসিন ষষ্ঠ শ্রেণিতে এবং তাসনিয়া অষ্টম শ্রেণিতে পড়তেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তাহসিনের পড়াশোনা, শখ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা হয়। তাহসিন জানায়, ফুটবল তার প্রিয় খেলা এবং বড় হয়ে সে একজন সফল ব্যবসায়ী হয়ে মানুষের কল্যাণে কাজ করতে চায়।
প্রধানমন্ত্রী তাকে মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি নিয়মিত খেলাধুলা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। সাক্ষাৎ শেষে তিনি তাহসিনের হাতে নিজের স্বাক্ষর করা একটি বাস্কেটবল ও একটি ড্রোনসেট তুলে দেন।
সাক্ষাৎ শেষে তাহসিন সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আমার জন্য একদম সারপ্রাইজ ছিল। তিনি খুব আন্তরিকভাবে কথা বলেছেন, তাই আমার নার্ভাস লাগেনি। স্কুলে গিয়ে বন্ধুদের এই অভিজ্ঞতার কথা শোনাব।” এ সময় মাইলস্টোন ট্র্যাজেডিতে সন্তান হারানো নাজমুল হকের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী, উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনিসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
নৌপথে পরিবহন খরচ ৬০% কম
সড়কপথের তুলনায় নৌপথে পণ্য পরিবহনের খরচ প্রায় ৬০ শতাংশ কম বলে জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। এ কারণে রাজধানীর চারপাশের খাল ও নৌপথ পুনরুদ্ধার করে দ্রুত চলাচলের উপযোগী করার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর জন্য ৭৮০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা পাঠিয়েছেন ত্রিপুরার বিখ্যাত ‘কিউ’ জাতের ৭৮০ কেজি আনারস। বুধবার (২৯ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আনারসের চালানটি বাংলাদেশে পৌঁছায়।

যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’,সঙ্গে পাঁচ শুটার
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) সকালে যশোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে আরও পাঁচ সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া সবাই শুটার এবং সংঘবদ্ধ অপরাধচক্রের সক্রিয় সদস্য।

সার্ককে পুনরায় কার্যকর করার আহ্বান, একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরায় কার্যকর করার বিষয়ে একমত প্রকাশ করেছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। বুধবার (২৯ জুলাই) জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়।






