সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পহেলা বৈশাখের অনুষ্ঠান নিয়ে উস্কানিমূলক মিথ্যা অপপ্রচার ও ধর্মীয় উগ্রবাদী ও জিহাদে আহবানকারী একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

ওই ব্যক্তির নাম- রাসেল সরদার রাজ। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ২টি মোবাইল ফোন ও ৪ টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

রমনা থানার বেইলি রোড থেকে তাকে গ্রেফতার করে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড টিম।

citytouch 728-X-90

এ সংক্রান্তে ই-ফ্রড টিমের সহকারী পুলিশ কমিশনার সুরঞ্জনা সাহা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেইক আইডি “জি হাদের তলোয়ার’’ খুলে ধর্মীয় উগ্র জিহাদী মতবাদ ও উস্কানিমূলক মিথ্যা অপপ্রচার করে আসছিল এক শ্রেণির অপরাধী চক্র। যার মধ্যে রযেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও বাঙালির সংস্কৃতি পহেলা বৈশাখের অনুষ্ঠান নিয়ে মিথ্যা অপপ্রচার, দেশে কালেমার পতাকা ওড়ানো ইত্যাদি। বিশেষ প্রাযুক্তির সহায়তায় ও গোপন গোয়েন্দা তথ্যের মাধ্যমে এই চক্রের অন্যতম সদস্য রাসেল সরদার রাজকে শনাক্ত করে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত রাজ ধর্মীয় উগ্র মতবাদ সম্বলিত পোস্ট ও ভিডিও দেখে প্রথমে রেডিক্যালাইজড হয়। পরে সে ফেইক ফেসবুক আইডি খুলে নিজের পরিচয় গোপন রেখে গাজওয়াতুল হিন্দ নামক একটি ধর্মীয় উগ্র মতবাদী সংগঠনে যোগ দিতে ইচ্ছা প্রকাশ করে পোস্ট দেয় এবং অন্যদেরকেও যোগদানে আহবান করে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু হয়েছে।