জাতীয়
জুলাই শহীদ পরিবার ও আহতদের আবাসনে ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব, ভাতাভোগী বাড়ছে ১,৮৫৭ জন
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও কর্মক্ষমতা হারানো যোদ্ধাদের পরিবারের আবাসনের জন্য ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে শহীদ পরিবার ও আহতদের জন্য চলমান মাসিক ভাতা কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি ভাতাভোগীর সংখ্যা ১ হাজার ৮৫৭ জন বাড়িয়ে ১৬ হাজার ৫১৩ জন করার প্রস্তাব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব প্রস্তাব তুলে ধরেন।
অর্থমন্ত্রী বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারগুলোকে মাসিক ২০ হাজার টাকা ভাতা দেওয়া হচ্ছে। এছাড়া ‘এ’, ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরির আহত ব্যক্তিদের যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার এবং ১০ হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়া হচ্ছে। আগামী অর্থবছরেও এই ভাতা কার্যক্রম অব্যাহত রাখার প্রস্তাব করা হয়েছে।
তিনি জানান, বর্তমানে চালু থাকা ভাতা কর্মসূচির আওতায় ভাতাভোগীর সংখ্যা ১ হাজার ৮৫৭ জন বৃদ্ধি করে মোট ১৬ হাজার ৫১৩ জনে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার এবং কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধাদের পরিবারের আবাসন নিশ্চিত করতে চলমান প্রকল্পের আওতায় আগামী অর্থবছরে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে।
এদিকে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের মাসিক ভাতা ৫ হাজার টাকা বাড়ানোর প্রস্তাবও দেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের মাসিক ভাতা ৪০ হাজার টাকা, বীর উত্তমদের ক্ষেত্রে ৩০ হাজার টাকা এবং বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবপ্রাপ্তদের ক্ষেত্রে ২৫ হাজার টাকা করা হবে।
তবে সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ২০ হাজার টাকা অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে।
মুক্তিযোদ্ধাদের আবাসন কর্মসূচি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নিশ্চিত করতে ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার ৭৩০টি বীর নিবাস নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ এবং বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে।
জনপ্রিয়
সর্বশেষ
জাতীয় থেকে আরও পড়ুন
আইনশৃঙ্খলার উন্নতি ছাড়া দেশে নতুন বিনিয়োগ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হলে নতুন দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিনিয়োগের পূর্বশর্ত হলো নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ। এ লক্ষ্যেই সরকার জিরো টলারেন্স নীতিতে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে।

শাপলা চত্বর গণহত্যা মামলা: শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আগামী সপ্তাহে কমবে গ্যাসসংকট: প্রতিমন্ত্রী
দেশজুড়ে চলমান গ্যাসসংকট নিয়ে জনগণের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কিছুটা কমতে শুরু করবে বলে সরকার আশা করছে।

আ.লীগের সাবেক এমপি নজরুল গ্রেফতার
সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।









