জাতীয়
৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীতের লক্ষ্য: প্রধানমন্ত্রী

জাতীয় সংসদে কর-জিডিপি অনুপাত বৃদ্ধি এবং রাজস্ব আহরণ ব্যবস্থার আধুনিকায়নে সরকারের স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কর ফাঁকি রোধে কার্যকর আইনানুগ ব্যবস্থা, রাজস্ব প্রশাসনের ডিজিটালাইজেশন এবং কর ব্যবস্থার সংস্কারের মাধ্যমে আগামী পাঁচ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে। একই সঙ্গে ২০৩৫ সালের মধ্যে এই হার ১৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
বুধবার (১৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম বাজেট অধিবেশনের নবম দিনে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহর এক প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান। এদিন প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত ছিলেন না। নির্ধারিত প্রশ্নের উত্তর টেবিলে উপস্থাপন করা হয়।
প্রশ্নে সংসদ সদস্য মো. আব্দুল্লাহ উল্লেখ করেন, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের কর-জিডিপি অনুপাত প্রায় ৭ দশমিক ৩ থেকে ৮ শতাংশের মধ্যে রয়েছে। অন্যদিকে নেপালে এই হার প্রায় ২৩ দশমিক ১ শতাংশ, যা তুলনামূলক ছোট অর্থনীতির দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশের চেয়ে অনেক বেশি। এ অবস্থায় বাংলাদেশের কর-জিডিপি অনুপাত বাড়াতে সরকারের কোনো পরিকল্পনা রয়েছে কি না, তা জানতে চান তিনি।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, কর-জিডিপি অনুপাত বৃদ্ধির লক্ষ্যে সরকার ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। জাতীয় রাজস্ব বোর্ড একটি ‘মিডিয়াম অ্যান্ড লং-টার্ম রেভিনিউ স্ট্র্যাটেজি (এমএলটিআরএস)’ গ্রহণ করেছে, যার আওতায় রাজস্ব আহরণ ব্যবস্থার কাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, কর প্রশাসনের এন্ড-টু-এন্ড ডিজিটালাইজেশন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। অনলাইন উৎসে কর কর্তন ব্যবস্থার সম্প্রসারণ, অপ্রয়োজনীয় কর ছাড় ও কর অব্যাহতি হ্রাস, কর আইন সরলীকরণ এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণের মাধ্যমে কর ঝুঁকি নির্ধারণের কাজ চলছে।
প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন শিল্পখাতভিত্তিক গড় সূচক ব্যবহার করে ঝুঁকি-ভিত্তিক নিরীক্ষা ও অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হয়েছে। একই সঙ্গে করদাতাদের তথ্যভান্ডার সমৃদ্ধকরণ এবং করদাতার সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, করদাতাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) অনলাইন সেবা চালু করা হয়েছে। পাশাপাশি কর আইন প্রতিপালনে সচেতনতা বৃদ্ধির কার্যক্রমও পরিচালিত হচ্ছে। কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।
স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ট্যাক্স এক্সপেন্ডিচার পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক ২০২৬’ প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে কর অব্যাহতি এবং রাজস্ব ব্যয় যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, পোস্ট ক্লিয়ারেন্স অডিট, মামলা ও বকেয়া আদায়, নিলাম কার্যক্রম, ব্যাংক গ্যারান্টি নগদায়ন, অনিস্পন্ন চালান এবং ডিফার্ড পেমেন্টসহ বিভিন্ন খাত থেকে অতিরিক্ত রাজস্ব আহরণে কার্যক্রম জোরদার করা হচ্ছে।
এ ছাড়া ‘ন্যাশনাল ট্যারিফ পলিসি ২০২৩’ এবং ‘কাস্টমস স্ট্র্যাটেজিক প্ল্যান ২০২৪-২০২৮’ পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। লিখিত জবাবে প্রধানমন্ত্রী বলেন, “আশা করি, এসব পরিকল্পনা বাস্তবায়নের ফলে আগামী পাঁচ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, ২০৩৫ সালের মধ্যে কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যে ‘স্ট্রেংথেনিং ডোমেস্টিক রেভিনিউ মোবিলাইজেশন প্রজেক্ট’ বাস্তবায়ন, কর অব্যাহতি পর্যায়ক্রমে যৌক্তিকীকরণসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার
জাতীয় সংসদের কার্যক্রমের দিকে দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি চোখ নিবদ্ধ রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, বর্তমান সংসদের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। সংসদ সদস্যরা জ্ঞানগর্ভ আলোচনা, গঠনমূলক সমালোচনা ও যুক্তিতর্কের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবেন—এটাই সবার প্রত্যাশা।

সাবেক মন্ত্রী হারুণার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত
নানা আয়োজনের মধ্য দিয়ে সাবেক মন্ত্রী ও শিল্পপতি হারুণার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১ আগস্ট) মানিকগঞ্জের মুন্নু সিটিতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
হজের খরচ আরও কমাতে উদ্যোগ, বিমান ভাড়া কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর
বাংলাদেশি হজযাত্রীদের ব্যয় আরও কমাতে বিমান ভাড়া হ্রাসসহ একাধিক উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বিমান ভাড়া কমানোর পাশাপাশি সৌদি আরবে বাংলাদেশি হাজিদের আবাসন ব্যয় কমানোর বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

মানবতাবিরোধী অপরাধের মামলায় আত্মসমর্পণের ঘোষণা লতিফ সিদ্দিকীর
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। তিনি জানিয়েছেন, এর আগে গ্রেপ্তার না হলে আগামী সপ্তাহের রোববার বা সোমবার ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করবেন।





