রাজনীতি


এনসিপির গাড়িবহরে হামলা: ছাত্রদল সভাপতিসহ ১১ জনের নাম উল্লেখ করে ১০০ জনের বিরুদ্ধে মামলা


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৩০ জুলাই ২০২৬, ১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার

আপডেট:৩০ জুলাই ২০২৬, ১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার

এনসিপির গাড়িবহরে হামলা: ছাত্রদল সভাপতিসহ ১১ জনের নাম উল্লেখ করে ১০০ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে। মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও প্রায় ১০০ জনকে আসামি করা হয়েছে।

 

বুধবার (৩০ জুলাই) রাত ৯টার দিকে এনসিপির ছাত্র সংগঠন জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল বাদী হয়ে বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে মামলাটি দায়ের করেন। পরে হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ মামলাটি গ্রহণ করেন।

 

মামলা দায়েরের সময় সেখানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।

 

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটি গ্রহণ করা হলেও এজাহারের কপি এখনও তার হাতে পৌঁছেনি।

 

এর আগে মঙ্গলবার জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে হবিগঞ্জ শহরের সাইফুর রহমান টাউন হল এলাকা থেকে সার্কিট হাউসের উদ্দেশে রওনা হলে সবুজবাগ এলাকায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এনসিপির অভিযোগ, হামলায় নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। একপর্যায়ে তারা সোনালী ব্যাংকের একটি শাখায় আশ্রয় নেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায়।

 

ঘটনায় সারজিস আলমসহ অন্তত ২০ জন আহত হন বলে দাবি করেছে এনসিপি। এ ঘটনার পর পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে বিভিন্ন রাজনৈতিক সংগঠন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পরদিন হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন এবং মোতায়েন করা হয় তিন প্লাটুন বিজিবি।

 

এদিকে হামলার ঘটনার পর বুধবার এনসিপির কেন্দ্রীয় নেতারা মৌলভীবাজার থেকে হবিগঞ্জে যাওয়ার পথে শ্রীমঙ্গলের মুছাই ও বাহুবলের রশিদপুর এলাকায় পুলিশের বাধার মুখেও পড়েন। দীর্ঘ বাগবিতণ্ডার পর তারা গন্তব্যের উদ্দেশে যাত্রা অব্যাহত রাখেন। মামলার পর ঘটনাটি নিয়ে নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।




সম্পর্কিত

রাজনীতি

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

বালুর ট্রাক দিয়ে রাস্তা আটকে রাখা শেখ হাসিনার কপি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, দেশে নতুন করে ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে। তিনি বলেন, ‘বালুভর্তি ট্রাক দিয়ে রাস্তা ঘেরাও করে রাখা শেখ হাসিনার কপি।’ আন্দোলন দমনে পুরোনো কৌশল অনুসরণ না করে নতুন পথ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমের গাড়ি ভাঙচুর

হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলা এবং মৌলভীবাজারে পুলিশের বাধার পর সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। হামলায় ইটপাটকেল নিক্ষেপে কয়েকটি গাড়ির কাচ ভেঙে যায়। এর মধ্যে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে এনসিপি।

ট্রাক ফেলে সড়ক অবরোধ, পুলিশের একাধিক ব্যারিকেড পেরিয়ে বাহুবলে থামল এনসিপির নেতারা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের একাধিক ব্যারিকেড অতিক্রম করে হবিগঞ্জে প্রবেশের পর আবারও পুলিশের বাধার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। বুধবার বিকেল সোয়া ৫টার দিকে হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া এলাকায় পৌঁছালে তাঁদের গাড়িবহরের পথরোধ করে পুলিশ। সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত তাঁরা ঘটনাস্থলে সড়কে অবস্থান করছিলেন।

ইসির কাছে জামায়াতের ৯ দফা দাবি, সামসুল আলমের নিয়োগ বাতিলের আহ্বান

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব মো. সামসুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য ঘোষণার প্রস্তাব পুনর্বিবেচনাসহ ৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।