রাজনীতি


ইসির কাছে জামায়াতের ৯ দফা দাবি, সামসুল আলমের নিয়োগ বাতিলের আহ্বান


ডেস্ক রিপোর্টার

জান্নাতুল ফেরদৌসী

প্রকাশিত:২৯ জুলাই ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন, বুধবার

আপডেট:২৯ জুলাই ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন, বুধবার

ইসির কাছে জামায়াতের ৯ দফা দাবি, সামসুল আলমের নিয়োগ বাতিলের আহ্বান

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব মো. সামসুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য ঘোষণার প্রস্তাব পুনর্বিবেচনাসহ ৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

 

বুধবার (২৯ জুলাই) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে এসব দাবি তুলে ধরে। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে তিনি কমিশনের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন।

 

মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান। সেখানে রাজনৈতিকভাবে সম্পৃক্ত কোনো ব্যক্তিকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগ দেওয়া হলে নিরপেক্ষ নির্বাচন আয়োজন প্রশ্নবিদ্ধ হতে পারে।

 

তিনি দাবি করেন, ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ পাওয়া মো. সামসুল আলম অতীতে বিএনপির নির্বাচনী আসন পুনর্নির্ধারণ কমিটির সদস্য ছিলেন। তাই তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা উচিত।

 

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও অভিযোগ করেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিকভাবে সম্পৃক্ত একজন ব্যক্তিকে ইসিতে নিয়োগ দেওয়ায় নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।

 

এ বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান তুলে ধরে তিনি বলেন, কমিশন তাদের জানিয়েছে যে সামসুল আলমের রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি তাদের জানা ছিল না। এছাড়া চুক্তিভিত্তিক নিয়োগ সরকার দিয়েছে বলেও কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে জামায়াতের দাবি, এ ধরনের নিয়োগের বিষয়ে নির্বাচন কমিশন আপত্তি জানাতে পারত। তাদের মতে, কমিশনের এই অবস্থান অসহায়ত্ব ও সীমাবদ্ধতারই প্রতিফলন।

 

বৈঠকে এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাবও পুনর্বিবেচনার দাবি জানানো হয়। মিয়া গোলাম পরওয়ার বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকেরা অংশ নিয়ে আসছেন। জাতীয় সংসদ নির্বাচনে তাদের অংশগ্রহণে কোনো বিধিনিষেধ না থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে আলাদা বিধিনিষেধ আরোপ বৈষম্যমূলক এবং নাগরিক অধিকারের পরিপন্থী।

 

তিনি জানান, এ বিষয়ে নির্বাচন কমিশন তাদের প্রস্তাব বিবেচনার আশ্বাস দিয়েছে।

 

জামায়াতের দাবিগুলোর মধ্যে আরও রয়েছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের পদধারী নেতাদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণা এবং বর্তমানে বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করা রাজনৈতিক ব্যক্তিদেরও নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য ঘোষণা করা।

 

মিয়া গোলাম পরওয়ার বলেন, কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ থাকলে সেই দলের পদধারী ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকা উচিত নয়। একইভাবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করা রাজনৈতিক ব্যক্তিদেরও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হলে সমতার নীতি ক্ষুণ্ন হতে পারে।

 

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের ওপর নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সাংবিধানিক দায়িত্ব রয়েছে। তবে সেই দায়িত্ব পালনে কমিশনের সীমাবদ্ধতার বিষয়টি বৈঠকে তাদের বক্তব্য থেকেই প্রতীয়মান হয়েছে বলে জামায়াত মনে করে।

 

বৈঠকে জামায়াতের পক্ষে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসিম উদ্দীন সরকার ও শিশির মোহাম্মদ মনির।

 

অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ছাড়াও নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন।




সম্পর্কিত

রাজনীতি

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

ট্রাক ফেলে সড়ক অবরোধ, পুলিশের একাধিক ব্যারিকেড পেরিয়ে বাহুবলে থামল এনসিপির নেতারা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের একাধিক ব্যারিকেড অতিক্রম করে হবিগঞ্জে প্রবেশের পর আবারও পুলিশের বাধার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। বুধবার বিকেল সোয়া ৫টার দিকে হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া এলাকায় পৌঁছালে তাঁদের গাড়িবহরের পথরোধ করে পুলিশ। সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত তাঁরা ঘটনাস্থলে সড়কে অবস্থান করছিলেন।

দুবাই নয় দেশেই ছিল চট্টগ্রামের সেই ডন ডেভিড ইমন!

অবশেষে চট্টগ্রামের সেই ডন, শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করল পুলিশ। বিদেশ নয় দেশ থেকেই গ্রেপ্তার করা হয় তাকে। যে ব্যক্তি কখনো বিলাসবহুল বারে বসে বিয়ার হাতে ছবি দিতেন, কখনো পাঁচতারকা হোটেলের লবিতে বৈঠক করতেন, আবার কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে ধরাছোঁয়ার বাইরে থাকার বার্তা দিতেন, শেষ পর্যন্ত সেই ডেভিড ইমনের পালানোর পথ থেমেছে যশোরের ঝিকরগাছায়। বুধবার চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে তাকে আরও চার সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে।

হবিগঞ্জে এনসিপির সমাবেশ শেষে হামলার অভিযোগ, সারজিস আলমসহ আহত ১০

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই জাগরণ’ কর্মসূচি শেষে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দলের উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি।

রাষ্ট্রপতি নির্বাচন সামনে, কাল ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য নির্বাচন কমিশনার।