রাজনীতি


ট্রাক ফেলে সড়ক অবরোধ, পুলিশের একাধিক ব্যারিকেড পেরিয়ে বাহুবলে থামল এনসিপির নেতারা


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৯ জুলাই ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন, বুধবার

ট্রাক ফেলে সড়ক অবরোধ, পুলিশের একাধিক ব্যারিকেড পেরিয়ে বাহুবলে থামল এনসিপির নেতারা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের একাধিক ব্যারিকেড অতিক্রম করে হবিগঞ্জে প্রবেশের পর আবারও পুলিশের বাধার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। বুধবার বিকেল সোয়া ৫টার দিকে হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া এলাকায় পৌঁছালে তাঁদের গাড়িবহরের পথরোধ করে পুলিশ। সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত তাঁরা ঘটনাস্থলে সড়কে অবস্থান করছিলেন।

 

সরেজমিনে দেখা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের কামাইছড়া এলাকায় একটি বাস আড়াআড়িভাবে রেখে যান চলাচল বন্ধ করা হয়েছে। অবরোধের শুরুতে হালকা বৃষ্টি হলেও এনসিপির নেতা-কর্মীরা সড়কেই অবস্থান নেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন। বাসটির সামনে পুলিশ ও স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) দুই শতাধিক সদস্য সতর্ক অবস্থান নেন।

 

এর আগে মঙ্গলবার বিকেলে হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে এনসিপির নেতা-কর্মীদের গাড়িবহরে হামলা ও মারধরের ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় এনসিপির প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে শহরে আরও একটি সংঘর্ষের ঘটনা ঘটে। এর প্রতিবাদে বুধবার হবিগঞ্জসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করে দলটি। একই সময়ে হবিগঞ্জ বিএনপি ও ছাত্রদলের পক্ষ থেকেও পাল্টা প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেওয়া হয়। ওই কর্মসূচিতে অংশ নিতেই এনসিপির কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জ শহরের উদ্দেশে রওনা হন।

 

বিকেল ৫টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় চা-কন্যা ভাস্কর্যের সামনে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে প্রথমে এনসিপির গাড়িবহর আটকে দেয় পুলিশ। ওই বহরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, জাতীয় নারী শক্তির সদস্যসচিব মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

এর আগে হবিগঞ্জ পৌর শহরে বেলা ৩টায় সমাবেশের ঘোষণা দেয় এনসিপি। একই সময়ে পাল্টা কর্মসূচির ঘোষণা দেয় হবিগঞ্জ জেলা ছাত্রদল। দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে জেলা প্রশাসন শহরের নির্দিষ্ট এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে। এরপরও হবিগঞ্জের উদ্দেশে যাত্রা অব্যাহত রাখেন এনসিপির নেতারা।

 

কামাইছড়া এলাকায় পুলিশ বাধা দিলে সড়কে বসে অবস্থান নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাংবাদিকদের তিনি বলেন, ‘হবিগঞ্জে আমাদের পূর্বঘোষিত কর্মসূচি ছিল, গতকালের হামলার প্রতিবাদে। আমাদের কয়েক দফা বাধা দেওয়া হয়েছে। বালুর ট্রাক, ট্রাক্টর এবং এখানে এসে পুলিশ সর্বশেষ আটকিয়ে রেখেছে। পেছনে ছাত্রদলের শত শত সন্ত্রাসী রয়েছে। যেহেতু ১৪৪ ধারা জারি করা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি সহযোগিতা করেই আমরা যেতে চাই। মামলা দায়ের করব, আহতদের দেখব, তাঁদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে চলে আসব। প্রয়োজনে যতজন যেতে বলা হবে, ততজনই যাব। আমরা কোনো অশান্তি চাই না।’

 

পরে আবার বৃষ্টি শুরু হলেও এনসিপির নেতা-কর্মীরা সড়ক ছাড়েননি। সন্ধ্যা ৭টা ৫ মিনিটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সারজিস আলম। তিনি বলেন, গতকালের হামলায় এনসিপির প্রায় ৩০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের দেখতে এবং হামলার ঘটনায় প্রতিবাদ জানাতে তাঁরা হবিগঞ্জে যাচ্ছিলেন। তিনি বলেন, পুলিশকে জানানো হয়েছে, মামলা দায়ের এবং আহতদের দেখতে এনসিপির পাঁচজন নেতা হবিগঞ্জে প্রবেশ করবেন। তবে সেই অনুমতিও দেওয়া হচ্ছে না।


জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

ইসির কাছে জামায়াতের ৯ দফা দাবি, সামসুল আলমের নিয়োগ বাতিলের আহ্বান

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব মো. সামসুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য ঘোষণার প্রস্তাব পুনর্বিবেচনাসহ ৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দুবাই নয় দেশেই ছিল চট্টগ্রামের সেই ডন ডেভিড ইমন!

অবশেষে চট্টগ্রামের সেই ডন, শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করল পুলিশ। বিদেশ নয় দেশ থেকেই গ্রেপ্তার করা হয় তাকে। যে ব্যক্তি কখনো বিলাসবহুল বারে বসে বিয়ার হাতে ছবি দিতেন, কখনো পাঁচতারকা হোটেলের লবিতে বৈঠক করতেন, আবার কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে ধরাছোঁয়ার বাইরে থাকার বার্তা দিতেন, শেষ পর্যন্ত সেই ডেভিড ইমনের পালানোর পথ থেমেছে যশোরের ঝিকরগাছায়। বুধবার চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে তাকে আরও চার সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে।

হবিগঞ্জে এনসিপির সমাবেশ শেষে হামলার অভিযোগ, সারজিস আলমসহ আহত ১০

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই জাগরণ’ কর্মসূচি শেষে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দলের উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি।

রাষ্ট্রপতি নির্বাচন সামনে, কাল ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য নির্বাচন কমিশনার।