বাংলাদেশ
পত্রিকা: ‘আরও পাঁচ সিটিতে দলীয় লোক বসাল সরকার’

পত্রিকা
ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার আজকের শিরোনামগুলোতে উঠে এসেছে সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ, জ্বালানি সংকট, সম্ভাব্য ধর্মঘট, পরিবহন ঝুঁকি, প্রশাসনিক অনিয়ম এবং সংবিধান সংস্কার নিয়ে রাজনৈতিক উত্তাপসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়। নিচে আজকের উল্লেখযোগ্য কয়েকটি পত্রিকার প্রধান সংবাদ তুলে ধরা হলো-
আজকের পত্রিকা: ‘আরও পাঁচ সিটিতে দলীয় লোক বসাল সরকার’
সরকার বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে বিএনপির পাঁচ নেতাকে নিয়োগ দিয়েছে। স্থানীয় সরকার বিভাগ শনিবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সিটি করপোরেশনগুলোতে নির্বাচিত পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং মেয়রের ক্ষমতা ও দায়িত্বও পালন করবেন।
নিয়োগ পাওয়া প্রশাসকদের মধ্যে রয়েছেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরীন, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব মো. রুকুনোজ্জামান রোকন, রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মোল্লা।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ঢাকাসহ ছয়টি সিটি করপোরেশনে বিএনপির নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। ফলে এখন পর্যন্ত ১১টি সিটি করপোরেশনে বিএনপির নেতাদের প্রশাসক হিসেবে বসানো হলো।
নবনিযুক্ত প্রশাসকেরা শনিবার দুপুরে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
নিউ এইজ: Fuel oil dealers threaten strike from tomorrow
অকটেন ও ডিজেলের সরবরাহ ঘাটতির অভিযোগে আগামীকাল থেকে সারা দেশে ধর্মঘটের হুমকি দিয়েছেন পেট্রোল পাম্প মালিক ও জ্বালানি তেল ব্যবসায়ীরা।
গত ৬ মার্চ থেকে সরকার যে জ্বালানি তেলের রেশনিং ব্যবস্থা চালু করেছে, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করে গত সপ্তাহে সংবাদ সম্মেলনে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছিল বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি।
শনিবার রাজশাহী ও খুলনার আঞ্চলিক পেট্রোল পাম্প মালিক সমিতিগুলোও সম্ভাব্য দেশব্যাপী ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়েছে। এ বিষয়ে জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, রেশনিং ব্যবস্থা নিয়ে নতুন সিদ্ধান্ত জানানো হবে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে যৌথ হামলা এবং এর জবাবে তেহরানের পাল্টা পদক্ষেপের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রেক্ষাপটে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন রেশনিং ব্যবস্থা চালু করে।
বর্তমানে এই ব্যবস্থায় পিকআপ ও স্থানীয় বাসগুলোকে প্রতিদিন ফিলিং স্টেশন থেকে ৭০ থেকে ৮০ লিটার ডিজেল নেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।
নয়া দিগন্ত: খুলনাসহ ১৫ জেলায় তেল উত্তোলন বন্ধ
খুলনাসহ দেশের অন্তত ১৫ জেলায় জ্বালানি তেল উত্তোলন বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না পাওয়ার অভিযোগে শনিবার সকাল আটটা থেকে তারা পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপো থেকে তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখেন।
খুলনা ট্যাংকলরি ওনার্স ভবনে চারটি ব্যবসায়ী সংগঠনের নেতাদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যবসায়ীদের দাবি, খুলনা বিভাগসহ ১৫ জেলায় প্রতিদিন প্রায় ৪০ থেকে ৪৫ লাখ লিটার জ্বালানি তেলের চাহিদা থাকলেও বর্তমানে সরবরাহ করা হচ্ছে মাত্র ৯ লাখ লিটার।
প্রতিটি ডিপো থেকে অন্তত দেড় লাখ লিটার করে সরবরাহ বাড়ানোর প্রস্তাব দেওয়া হলেও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সেই প্রস্তাব না মানায় তারা তেল উত্তোলন ও বিপণন বন্ধ রেখেছেন। এদিকে রাজশাহী জেলা পেট্রল পাম্প মালিক সমিতিও দাবি না মানলে আজ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি দিয়েছে।
বণিক বার্তার খবর: ঈদযাত্রার বহরে প্রায় ২৯ হাজার মেয়াদোত্তীর্ণ বাস
দেশে নিবন্ধিত বাস ও মিনিবাসের সংখ্যা ৮৬ হাজারের বেশি। এর মধ্যে প্রায় ২৯ হাজার বাস ও মিনিবাসের বয়স ২০ বছর বা তার বেশি বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
এর মধ্যে ঢাকা মহানগর ও ঢাকা জেলায় রয়েছে ১০ হাজার ৫৫৬টি পুরনো বাস ও মিনিবাস, আর সারা দেশে রয়েছে আরও ১৮ হাজার ২০৫টি। এছাড়া দেশে মেয়াদোত্তীর্ণ পণ্যবাহী যানবাহনের সংখ্যাও ৪৬ হাজারের বেশি।
পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, এসব পুরনো যানবাহনের একটি বড় অংশ ঈদযাত্রায় সড়কে চলাচল করছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াতে পারে। ব্যস্ত সড়কে হঠাৎ বিকল হয়ে এসব যানবাহন যানজট ও বিশৃঙ্খলারও কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
বিশেষজ্ঞদের মতে, একটি বাণিজ্যিক বাসের অর্থনৈতিক আয়ুষ্কাল সাধারণত ১০ থেকে ১৫ বছর হলেও বাংলাদেশে তা ২০ বছর নির্ধারণ করা হয়েছে। তবে নির্ধারিত সময় পার হওয়ার পরও এসব যানবাহনের চলাচল বন্ধ করতে না পারাকে তারা সরকারের ব্যর্থতা হিসেবে দেখছেন।
যুগান্তর পত্রিকা: ঢাকা ওয়াসায় নিয়োগ ও বদলিতে অনিয়ম
ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) বিরুদ্ধে স্থানীয় সরকার বিভাগের অনুমোদন ছাড়াই আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের সময় ২ হাজার ৫৯৪ জনকে নিয়োগ দিতে গিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। পাশাপাশি চাকরিবিধি উপেক্ষা করে ১০ থেকে ৩০ লাখ টাকার বিনিময়ে বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীকে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার তথ্যও সামনে এসেছে।
এসব অনিয়মের সঙ্গে ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুস ছালাম ব্যাপারী এবং উপব্যবস্থাপনা পরিচালক আমিরুল ইসলামের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। অভিযুক্ত আব্দুস ছালাম ব্যাপারী সম্প্রতি পদত্যাগ করেছেন এবং তার বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
প্রথম আলো: সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন উত্তাপ
জুলাই জাতীয় সনদের সংবিধান–সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়ন প্রশ্নে রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ তৈরি হয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য আজকের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার দাবি জানিয়েছে। তা না হলে রাজপথে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা।
অন্যদিকে সরকারি দল বিএনপি বলেছে, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে আলোচনা হতে পারে।
মানবজমিন: অস্তিত্বহীন প্রতিষ্ঠানে অনুদান
‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ নিয়ে অনিয়মের অভিযোগের পর এবার অস্তিত্বহীন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নামে অনুদান দেওয়ার অভিযোগ উঠেছে সদ্য বিদায়ী উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর বিরুদ্ধে। সংস্কৃতি মন্ত্রণালয়ের ২০২৪-২৫ অর্থবছরের অনুদানের তালিকা পর্যালোচনা করে এমন তথ্য পাওয়া গেছে।
তালিকায় দেখা গেছে, চারু শিল্প ও থিয়েটারের জন্য সারা দেশের তিন শতাধিক প্রতিষ্ঠানে ২ কোটি ২২ লাখ ৪৩ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ঠিকানায় গিয়ে কোনো কার্যক্রম বা সাইনবোর্ড পাওয়া যায়নি।
টাইমস অব বাংলাদেশ: ঢাকার সড়কে বাসের বিশৃঙ্খলা
ঢাকার ব্যস্ত সড়কগুলোতে মাঝরাস্তায় বাস থামিয়ে যাত্রী ওঠানামা করানো প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এতে পেছনে দীর্ঘ যানজট তৈরি হলেও অনেক ক্ষেত্রে ট্রাফিক পুলিশ বাসগুলোকে শুধু এগিয়ে যেতে ইশারা করেন, জরিমানা করেন না।
তবে একই স্থানে ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেল চালকেরা ট্রাফিক আইন ভাঙলে দ্রুত জরিমানার মুখে পড়ছেন বলে অভিযোগ রয়েছে।
কালের কণ্ঠ: অবসরের টাকা পেতে হয়রানি
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অবসরের এককালীন টাকা পেতে দীর্ঘদিন অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন। অনেক ক্ষেত্রে আবেদন করার চার বছর পরও তারা সেই টাকা পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। ফলে অবসর জীবনে আর্থিক সংকটে পড়ছেন অনেকে।
দ্য ডেইলি স্টার: জ্বালানি কেনার সীমা শিথিল হতে পারে
ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়তে থাকায় যানবাহনের জন্য জ্বালানি কেনার সীমা শিথিল করার পরিকল্পনা করছে সরকার। কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের আগে সাত দিন এবং পরে পাঁচ দিন মহাসড়কের ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখা হবে।
সরকার আশা করছে, এতে ঈদযাত্রা নির্বিঘ্ন হবে এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে।
জনপ্রিয়
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মেডিকেলে ভুল ইনজেকশন প্রয়োগের অভিযোগ, দুই রোগীর মৃত্যু
রিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল ইনজেকশন প্রয়োগের অভিযোগে দুই নারী রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (১৫ মার্চ) সকালে হাসপাতালের চতুর্থ তলার নাক, কান ও গলা (ইএনটি) বিভাগে এ ঘটনা ঘটে।

পূর্বাচলে যাত্রা শুরু ‘রয়েল হর্স রাইডিং ট্রেনিং একাডেমি’ ও ‘গ্রিন স্পেস ৩০০-ফিট’
রাজধানীর পূর্বাচলে উদ্বোধন করা হয়েছে ‘রয়েল হর্স রাইডিং ট্রেনিং একাডেমি’ এবং ‘গ্রিন স্পেস ৩০০-ফিট’। শুক্রবার বিকেল ৫টায় একঝাঁক তারকা, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন পেশাজীবী ব্যক্তির উপস্থিতিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এ দুটি উদ্যোগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৫০
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন।

নেত্রকোণার খালিয়াজুরীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় বজ্রপাতে সুদিন সরকার (৪৩) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) দুপুরের দিকে উপজেলার চাকুয়া গ্রামের নলসিটি হাওরে এ ঘটনা ঘটে।


.jpg)






