

জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের অমিত কুমার নামের এক শিক্ষার্থী ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে।
ঘটনার পর তার রুম থেকে বেশ কয়েকটি সুইসাইড নোট পাওয়া গেছে।
মঙ্গলবার (১০ মে) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন অমিত।
আত্মহত্যার পর তার বন্ধু এবং রুমমেটরা রাত সাড়ে ৮ টার সময় রুমে তল্লাশি চালালে সুইসাইড নোট পাওয়া যায়। শহীদ রফিক-জব্বার হলের প্রভোস্ট অধ্যাপক সোহেল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
নিহতের সুইসাইড নোটগুলোর মধ্যে একটিতে লেখা ছিল,‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার মস্তিষ্কই আমার মৃত্যুর জন্য দায়ী। আমি নিজেই নিজের শত্রু হয়ে পড়েছি অজান্তেই। নিজের সঙ্গে যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত। আর না। এবার মুক্তি চাই। প্রিয় মা-বাবা, ছোট বোন সবাই পারলে আমাকে ক্ষমা করে দিও।’
এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক সোহেল বলেন,‘আমরা যে নোটটি পেয়েছি তার সাথে তার হাতের লেখার মিল পেয়েছি। তাছাড়াও তার রুমে আত্মহত্যা বিষয়ক বেশ কয়েকটি সুইসাইড নোট পেয়েছি।’
দুপুর আড়াইটার দিকে অমিত হলের পাঁচতলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এবং আহত অবস্থায় এনাম মেডিকেলে পৌঁছালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৫ টায় তার মৃত্যু হয়।


