ইডেনে মধ্যরাতে সংঘর্ষ, ছাত্রলীগ প্রেসিডেন্ট-সেক্রেটারির রুমে তালা
হেড অফ ডিজিটাল মিডিয়া

ছাত্রলীগের কমিটি ঘোষণার পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে ইডেন মহিলা কলেজে। শুক্রবার (১৩ মে) রাত ৯টায় এই সংঘর্ষ শুরু হয়। কয়েকঘণ্টা চলা এ সংঘর্ষে কিছু কক্ষ ভাঙচুরের পাশাপাশি কয়েকজন আহত হয়েছে।
মূলত হল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ সংঘর্ষে জড়ান ছাত্রলীগের দুই পক্ষ।
ইডেন কলেজের ছাত্রীরা জানান, ছাত্রলীগের নতুন কমিটি দেয়ার পর যারা কমিটি থেকে বাদ পড়েছেন তাদের ওপর চড়াও হয় নতুন কমিটিতে পদ পাওয়া ছাত্রীরা। এ সময় কমিটি পাওয়া ছাত্রীরা হলে অবস্থান নিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। রাত ৯টা থেকে শুরু হওয়া এ সংঘর্ষ চলে রাত ১২টা পর্যন্ত।
তাদের অভিযোগ, কমিটিতে বিবাহিত, বয়স বেশি ও বিতর্কিতদের পদ দেয়া হয়েছে। বিক্ষোভের এক পর্যায়ে তারা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার কক্ষে তালা ঝুলিয়ে দেন।
এর আগে শুক্রবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সম্পাদক লেখক ভট্টাচার্য সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য ইডেন কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটিতে লেখক ভট্টাচার্যের অনুসারী তামান্না জেসমিন রিভা সভাপতি ও আল নাহিয়ান খান জয়ের অনুসারী রাজিয়া সুলতানাকে সাধারণ সম্পাদক করা হয়।


