

২০২১-২২ শিক্ষাবর্ষে আবারও স্নাতক প্রথম বর্ষে দ্বিতীয়বারের মতো ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ দিচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে রাবি ভর্তি পরীক্ষা উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির কলা অনুষদের ডীন অধ্যাপক ড. ফজলুল হক।
অধ্যাপক ড. ফজলুল হক বলেন, এবার করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের বিষয়ে বৃহস্পতিবারের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তিনটি (এ, বি, সি) ইউনিটে ৪টি শিফটে পরীক্ষা হবে। প্রতি ইউনিটে ৭২ হাজার ভর্তিচ্ছু পরীক্ষা দিতে পারবে।
সভা শেষে সূত্র জানায়, এবারের ভর্তি পরীক্ষা ২৪ জুলাই শুরু হয়ে ২৭ জুলাই শেষ হবে। ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক আবেদন চলবে ২৫ মে থেকে ৯ জুন পর্যন্ত। পরবর্তীতে পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত আবেদন প্রক্রিয়া চলবে ১৫ জুন থেকে ২৮ জুন পর্যন্ত।


