সারাদেশ


কোরবানির হাট ঘিরে স্বপ্ন বুনছেন ভোলার নারী উদ্যোক্তারা


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:২২ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার

কোরবানির হাট ঘিরে স্বপ্ন বুনছেন ভোলার নারী উদ্যোক্তারা

কোরবানির ঈদ সামনে এলেই দেশের পশুরহাটগুলোতে বাড়তে থাকে ব্যস্ততা। সেই ব্যস্ততার আড়ালে থাকে অসংখ্য প্রান্তিক পরিবারের স্বপ্ন ও সংগ্রামের গল্প। ভোলার প্রত্যন্ত চরাঞ্চলের অনেক নারীর কাছে কোরবানির মৌসুম কেবল পশু বিক্রির সময় নয়, বরং সংসারে স্বস্তি ফেরানো ও ভবিষ্যৎ গড়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

 

ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চর চন্দ্রপ্রশাদ এলাকার বহু নারী সারা বছর গরু-ছাগল লালন-পালন করেন কোরবানির হাটে ভালো দামে বিক্রির আশায়। পরিবারের পুরুষ সদস্যদের পাশাপাশি তারাও হয়ে উঠেছেন গ্রামীণ অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার।

 

ভেলুমিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মিনারা বেগম তেমনই একজন নারী উদ্যোক্তা। স্বামী মন্নান ফরাজী অটোরিকশা চালিয়ে সংসার চালান। দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে তাদের পরিবারে বাড়তি স্বস্তি এনে দেয় গবাদিপশু পালন। ভোর থেকে শুরু করে গরুর খাবার তৈরি, ঘাস কাটা ও পরিচর্যার সবকিছুই সামলান মিনারা।

 

তার বাড়িতে বর্তমানে তিনটি গরু, একটি ছাগল ও পাঁচটি দেশি মুরগি রয়েছে। দীর্ঘদিন ধরে লালন করা একটি কালো গরু এবার কোরবানির হাটে তোলার প্রস্তুতি নিয়েছেন তিনি। গরুটির সম্ভাব্য মূল্য ধরা হয়েছে প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা।

 

মিনারা বেগম বলেন, “সারা বছর কষ্ট করে গরু লালন করি। ভালো দামে বিক্রি করতে পারলে ছেলে-মেয়েদের পড়াশোনার খরচ দিতে পারবো, কিছু টাকা জমাতে পারবো এবং আবার নতুন গরু কিনে পালন শুরু করবো।”

 

একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গোলেনুর বেগমও গবাদিপশু পালনকে পরিবারের আয়ের ভরসা হিসেবে বেছে নিয়েছেন। কৃষিশ্রমিক স্বামী রহিম গাজীর সীমিত আয়ের সংসারে চার সন্তানের লেখাপড়ার ব্যয় মেটাতে সহায়তা করছে তার খামার।

 

তার গোয়ালে রয়েছে নেপালি জাতের গরুসহ চারটি গরু। এবারের কোরবানির বাজারে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি গরু বিক্রির আশা করছেন তিনি।

 

গোলেনুর বেগম বলেন, “এই গরুগুলোই আমাদের ভরসা। ভালো দামে বিক্রি করতে পারলে সংসারের দেনা শোধ হবে, আবার নতুন বাছুর কিনে পালন করতে পারবো।”

 

শুধু ভেলুমিয়া নয়, ভোলার বিভিন্ন ইউনিয়নের নারীরাও ক্ষুদ্র পরিসরে পশুপালনের মাধ্যমে পরিবারের অর্থনীতিতে অবদান রাখছেন।

 

চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের সাহিনা বেগম একটি দুধাল গরু ও একটি ষাঁড় পালন করছেন। তিন সন্তানের পড়াশোনার ব্যয়ের বড় অংশই আসে এই আয় থেকে। একই এলাকার হুমায়রা বেগমের খামারে রয়েছে একটি গরু, ১৩টি ছাগল, সাতটি মুরগি ও দুটি হাঁস। কোরবানির মৌসুমে একটি গরু ও দুটি ছাগল বিক্রির পরিকল্পনা রয়েছে তার।

 

হাজারিগঞ্জ ইউনিয়নের হোসনে আরা বেগম ইতোমধ্যে পাঁচটি গরুর মধ্যে দুটি বিক্রি করেছেন। পাশাপাশি হাঁস-মুরগি পালনও করছেন তিনি। একইভাবে সাহিন খাতুন ছোট পারিবারিক খামারে আটটি গরু পালন করছেন। চলতি মৌসুমে একটি গরু বিক্রি করে প্রায় ৭৪ হাজার টাকা পেয়েছেন।

 

নাসিমা বেগমের খামারে রয়েছে আটটি গরু, যার মধ্যে চারটি দুধাল গরু। ইতোমধ্যে দুটি গরু বিক্রি করেছেন তিনি। এই আয় সন্তানের শিক্ষাব্যয় মেটাতে সহায়ক হচ্ছে বলে জানান।

 

অন্যদিকে ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের মানসুরা বেগম ছাগল পালন করে সংসারের অভাব ঘোচানোর চেষ্টা করছেন। চলতি বছর দুটি ছাগল বিক্রি করে প্রায় ৩০ হাজার টাকা আয়ের আশা করছেন তিনি। ইলিশা ইউনিয়নের গোল নাহারও ছয়টি ছাগল পালন করছেন এবং দুটি বিক্রির পরিকল্পনা করেছেন।

 

ভোলার উন্নয়ন সংস্থা জিজেইউএসের নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন মহিন বলেন, চরাঞ্চলের অনেক নারী এখন গবাদিপশু পালন করে পরিবারের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এতে পরিবারগুলোতে নারীদের অর্থনৈতিক অংশগ্রহণও বাড়ছে।

 

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খান বলেন, “নারীভিত্তিক ক্ষুদ্র পশুপালন গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করছে। কোরবানির ঈদকে কেন্দ্র করে পশুর চাহিদা বাড়ায় নারী উদ্যোক্তারা লাভবান হওয়ার সুযোগ পাচ্ছেন।”

 

ভোলার প্রত্যন্ত চরাঞ্চলের এসব নারীর পুঁজি সীমিত হলেও তাদের স্বপ্ন বড়। কোরবানির হাটে পশু ভালো দামে বিক্রি হলে কারও সন্তানের পড়াশোনার খরচ মেটাবে, কারও সংসারের দেনা কমবে, আবার কেউ নতুন করে বাছুর কিনে ভবিষ্যতের স্বপ্ন গড়বেন।

 


সম্পর্কিত

ভোলানারী উদ্যোক্তাকোরবানির হাটপশুপালন

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড

কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা

বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।

আকিজ সিরামিকস এর আরো ৩ টি নতুন এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন

দেশের শীর্ষস্থানীয় সিরামিক টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় আরও তিনটি নতুন এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেছে। গ্রাহকদের আরও কাছে পৌঁছানো এবং উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে এসব শোরুম চালু করা হয়েছে।