আইন ও আদালত


নেত্রকোণার আলোচিত ব্যবসায়ী হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:৩০ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার

নেত্রকোণার আলোচিত ব্যবসায়ী হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত


নেত্রকোণা জেলা শহরের সাতপাই রেলক্রসিং এলাকায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়া ওরফে শাহীন হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার দুপুরে নেত্রকোণার জেলা ও দায়রা জজ মোছা. মরিয়ম-মুন-মঞ্জুরী জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মো. রতন মিয়া (৫৬)। তিনি নিহত বাবুল মিয়ার প্রতিবেশী ছিলেন।

 

মামলার বিবরণে জানা যায়, বাবুল মিয়া সাতপাই এলাকায় ভাড়া বাসায় থেকে কসমেটিক ব্যবসা করতেন। তার স্ত্রী ঢাকায় বসবাস করতেন এবং একমাত্র ছেলে গ্রামের বাড়িতে থেকে পড়াশোনা করছিল। প্রতিবেশী রতন মিয়ার স্ত্রীর সঙ্গে বাবুল মিয়ার সম্পর্ক নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

 

২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর রাতে রতন মিয়া কৌশলে বাবুল মিয়াকে কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের কাকুড়িয়া এলাকায় নিয়ে যান। সেখানে ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়।

 

পরদিন নিহতের ছোট ভাই শামীম মিয়া কলমাকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষে রতন মিয়াকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে।

 

আসামি ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালত ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করেন।

 

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট আবুল হাসেম এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আনিসুর রহমান।


সম্পর্কিত

নেত্রকোণাআইন ও আদালতহত্যা মামলা

জনপ্রিয়


আইন ও আদালত থেকে আরও পড়ুন

কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি