বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালে শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। পরে তাদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের রাজপথ।
পরে বেলা ১১টায় নেত্রকোনা শহরের পাবলিক হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এতে সভাপতিত্ব করেন।
সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনিসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
বক্তারা বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক পথচলা, সংগ্রাম ও দলের ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে আগামী দিনের রাজনৈতিক কর্মকৌশল ও দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।










