বিএনপির তৃণমূলে সব ধরনের ভুল বোঝাবুঝি ও বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, দলের ভেতরে কোনো গ্রুপিং বা বিভেদ রাখা যাবে না। আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের একজোট হয়ে মাঠে থাকতে হবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভুষণস্কুল মাঠসংলগ্ন জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনির সভাপতিত্বে আয়োজিত সভায় রাশেদ খান বলেন, গত সংসদ নির্বাচনে অভ্যন্তরীণ বিভেদ ও ভুল বোঝাবুঝির কারণে এ আসনে ধানের শীষের ফলাফল বিপর্যয় ঘটেছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূলে বিএনপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও ঐক্য জরুরি।
সভায় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, যুগ্ম-আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিভেদ ভুলে বিএনপির মূলধারার রাজনীতিতে যুক্ত হওয়া নেতাকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলের পক্ষে কাজ করার শপথ পাঠ করান রাশেদ খান।
উপজেলা যুবদলের সদস্যসচিব মাহাবুবর রহমান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইসরাইল হোসেন, লুৎফর রহমান লেন্টু, মশিয়ার রহমান, সামসুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।










