রংপুরে পৃথক অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি ও ওয়াইফাই মেশিন চুরি মামলার মূল আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া প্রায় ৯৫ হাজার ৫০০ টাকা মূল্যের ওয়াইফাই নেটওয়ার্কের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।


বুধবার (২ সেপ্টেম্বর) হারাগাছ থানা পুলিশের নিয়মিত ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযানকালে তাদের গ্রেপ্তার করা হয়।

citytouch 728-X-90


পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক দেড়টার দিকে হারাগাছ থানার বাহার কাছনা জুম্মাটারী এলাকায় অভিযান চালিয়ে সিআর-৯৪২/১৮ মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. বাবুল মিয়াকে (পিতা মো. রফিজ উদ্দিন) তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।


অন্যদিকে, গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বানুপাড়া কলেজ বাজার এলাকায় অভিযান চালিয়ে ওয়াইফাই মেশিন চুরি মামলার মূল আসামি মো. নুরুন্নবী মিয়া ওরফে দুদুকে (৩৫) তাঁর বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। হারাগাছ থানার এসআই মো. মঞ্জুরুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।


পুলিশ জানায়, নুরুন্নবীর দেওয়া তথ্যের ভিত্তিতে এবং তাঁর বসতবাড়ি থেকে চুরি যাওয়া বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে দুটি V-Sol OLT Four Port, যার আনুমানিক মূল্য ৭৭ হাজার টাকা, একটি UPS 1200 Volt, মূল্য ১৬ হাজার টাকা এবং একটি সিসি ক্যামেরা, যার মূল্য প্রায় ২ হাজার ৫০০ টাকা। পুলিশের হিসাবে উদ্ধার হওয়া মালামালের মোট মূল্য প্রায় ৯৫ হাজার ৫০০ টাকা।


এ ঘটনায় দায়ের করা মামলার নম্বর এফআইআর-০৪/১৪৪। গত ২ আগস্ট দায়ের করা মামলাটিতে দণ্ডবিধির ৪৬১, ৪৫৭ ও ৩৮০ ধারায় অভিযোগ আনা হয়েছে।


হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান বলেন, নিয়মিত অভিযান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের অংশ হিসেবে সাজাপ্রাপ্ত আসামি এবং চুরি মামলার মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। চুরি যাওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনতে তদন্ত চলছে।


গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বুধবার তাদের পুলিশ স্কর্টে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। থানার এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।