এক্সক্লুসিভ


আগামী নির্বাচন হবে ইভিএমে: প্রধানমন্ত্রী


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৮ মে ২০২২, ১২:০৯ অপরাহ্ন, রবিবার

আগামী নির্বাচন হবে ইভিএমে: প্রধানমন্ত্রী

নিয়াজ মোর্শেদ: 


আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত হবে। নির্বাচন অংশগ্রহণমূলক ও কঠিন হবে তাই সবাইকে প্রস্তুতি নিতে হবে।


আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় দলের কেন্দ্রীয় নেতাদের এসব কথা বলেছেন আওয়ামী লীগ প্রধান। সভায় উপস্থিত একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন। 


দলের নেতারা দুরবীন নিউজকে জানান, দলীয় সভাপতি বলেছেন আগামী দ্বাদশ সংসদ নির্বাচন সারা দেশে ইভিএমে হবে। নির্বাচন হবে অংশগ্রহণমূলক তাই যোগ্য প্রার্থী বেছে নিতে সারা দেশে জরিপ চলছে।

 

দলের নেতাদের উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, ‘দল গোছাতে হবে। সর্বস্তরে সম্মেলন করে সংগঠনকে শক্তিশালী করতে হবে।’ 


সম্মেলন যথাসময়েই হবে উল্লেখ করে তিনি দলীয় সম্মেলনের প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশনা দেন।

 

১৪ দলীয় জোটে থাকা ছোটদলগুলো যারা অনেকটাই অস্তিত্বহীন তাদের আওয়ামী লীগের সঙ্গে রাখার ব্যাপারে প্রশ্ন করলে শেখ হাসিনা বলেন, ‘জোট থাকবে।’


এ দিকে বৈঠকে সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগের রিপোর্ট পেশ করেন। সেখানে তারা তৃণমূলের সম্মেলন, স্থানীয় সরকার নির্বাচন, নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ও তাদের মদদদাতাদের বিষয়টি উপস্থাপন করেন। এ প্রেক্ষাপটে যে সব সাংগঠনিক শাখায় এখনও সম্মেলন হয়নি, সে সব শাখার অধীনে থাকা ইউপিসহ অনুষ্ঠিত নির্বাচনে যারা বিরোধিতা করেছেন তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।


বৈঠকে উপস্থিত একাধিক নেতারা জানান, ‘যদি কোন সাংগঠনিক শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ার অভিযোগ ওঠে, তাদের সম্মেলন কার্যক্রম থেকে সরিয়ে দিতে বলা হয়েছে। এ ক্ষেত্রে প্রস্তুতি কমিটি করে সম্মেলন শেষ করার নির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি। একই সঙ্গে নবগঠিত কমিটিতে যাতে তারা নেতৃত্বে আসতে না পারে সে বিষয়ে নির্দেশনা দেন শেখ হাসিনা।


আওয়ামী লীগ সভাপতি আরো বলেন, সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য বিভাগওয়ারি আটটি কমিটি রয়েছে। তৃণমূল আওয়ামী লীগের সম্মেলনের পাশাপাশি সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সম্মেলনের বিষয়েও তারা দেখভাল করবেন।



জনপ্রিয়