এক্সক্লুসিভ


চট্টগ্রামে যুবলীগের সম্মেলন ঘিরে পদ প্রত্যাশীদের দৌঁড়ঝাপ


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১২ মে ২০২২, ০৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার

চট্টগ্রামে যুবলীগের সম্মেলন ঘিরে পদ প্রত্যাশীদের দৌঁড়ঝাপ

নিয়াজ মোর্শেদ:


দীর্ঘ দেড় যুগ পর আগামী ২৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সম্মেলন। আর এই সম্মেলনকে ঘিরে সংগঠনটির নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সম্মেলনের তারিখ ঘোষণা দেওয়ার পর থেকে নতুনভাবে চাঙ্গা হয়েছেন দলের বিভিন্ন নেতাকর্মীরা। 


চট্রগাম উত্তর জেলা যুবলীগের শীর্ষ পদ নিজেদের দখলে রাখতে নেতারা বিভিন্ন জায়গায় তদবির করে যাচ্ছেন। কেউ কেউ ঘুরছেন যুবলীগের কেন্দ্রীয় নেতাদের কাছে। আবার কেউ কেউ যাচ্ছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের কাছে।  


দলটির কেন্দ্রীয় সূত্র থেকে জানা যায়, দলীয় ইমেজ ও যোগ্যতায় যারা এগিয়ে থাকবেন-তারা শীর্ষ পদ পাবেন। যারা সাংগঠনিকভাবে দক্ষ এবং দলের প্রতি নিবেদিত তারই পদ পাবেন। দুর্নীতিবাজ ও বিতর্কিতরা কোনোভাবেই পদে আসতে পারবেন না, এই বিষয়ে সজাগ রয়েছে কেন্দ্রীয় কমিটি।  


গত ২৬ মার্চ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংগঠনিক কমিটির জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আসতে আগ্রহী নেতাদের জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয়। এতে সভাপতি পদের জন্য ৯ জন ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী ২২ জনের আবেদন জমা পড়ে। এসব আবেদন বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও দলীয় মাধ্যমে যাচাই-বাছাই শেষ করেছেন দায়িত্বপ্রাপ্তরা। 


উত্তর জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- বর্তমান সাধারণ সম্পাদক ও হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান স্বপন, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাজিবুল আহসান সুমন, নুরুল মোস্তফা মানিক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের সাবেক সভাপতি নাছির হায়দার বাবুল।  


সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- চবি ছাত্রলীগের ত্যাগী ছাত্রনেতা সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, চবি ছাত্রলীগের সাবেক ভারপ্রা্প্ত সভাপতি আবুল মনসুর জামশেদ, চবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরী, চবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এরশাদ হোসেন ও উত্তর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুর আলম, উত্তর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আবু তৈয়ব, রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের চেয়ারম্যান শেখ ফরিদ, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ দোহা সিকদার আরজুসহ আরো অনেকেই।


উত্তর জেলা যুবলীগের সভাপতি পদ প্রত্যাশী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাজিবুল আহসান সুমন দূরবীন নিউজকে বলেন, জেলা, উপজেলা ও কলেজ ছাত্রলীগের নেতৃত্ব দিতে গিয়ে অসংখ্য মামলায় বার বার গ্রেফতার ও নির্যাতনের শিকার হয়েছি। বঙ্গবন্ধুর আদর্শের প্রশ্নে জীবনবাজি রেখে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছি। তাই কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ আমার অতীত ত্যাগ, শ্রম ও অভিজ্ঞতা মূল্যায়ন করবে বলে আমি মনে করি।  


উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী, চবি ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দূরবীন নিউজকে বলেন, বঙ্গবন্ধুর আদর্শের একজন তরুণ যুবকর্মী হিসেবে, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে যুব সমাজের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে চাই। 


তিনি আরও বলেন, ছাত্রলীগের একজন সাবেক দায়িত্বশীল কর্মী হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম উত্তর জেলায় ছাত্রলীগে কঠিন দুঃসময়ে, জামায়াত-শিবির, বিএনপি ও সাম্প্রদায়িক গোষ্ঠির বিরুদ্ধে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে আমার। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চট্টগ্রামের যুবসমাজকে সাথে নিয়ে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ ও ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখতে চাই। আশা করছি উত্তর জেলার যুবলীগের বিভিন্ন পর্যায়ের সদস্য, নেতাকর্মী, শুভানুধ্যায়ীরা আমার লড়াই সংগ্রামের ভূমিকাকে মূল্যায়ন করবেন।

  

এদিকে উত্তর জেলা যুবলীগের বর্তমান সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলম বলেন, সম্মেলনের তারিখ নির্ধারণ করা হলেও স্থান এখনও নির্ধারণ করা হয়নি। 


জনপ্রিয়