জাতীয়
হঠাৎ কেন প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী?

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়াকে কেন্দ্র করে দেশজুড়ে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদ অধিবেশন চলাকালে এক বিরতির সময় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও শিক্ষামন্ত্রীর মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, প্রতিকূল আবহাওয়া ও বন্যা-জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এবং শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনে নামেন এইচএসসি পরীক্ষার্থীরা।
রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় বেলা সাড়ে ১১টার পর থেকে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন। পরে পৌনে ১২টার দিকে তারা সড়কে নেমে ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়ক সম্পূর্ণ অবরোধ করেন। একই সময়ে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি বড় অংশ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
বিকেল পৌনে ৫টার দিকে সায়েন্স ল্যাব মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে ঢাকা সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন শিক্ষামন্ত্রীকে সন্ধ্যা ৬টার মধ্যে পদত্যাগ এবং জাতির কাছে ক্ষমা চাওয়ার আলটিমেটাম ঘোষণা করেন।
তিনি বলেন, "আজ সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তার অসংগতিপূর্ণ কথাবার্তার জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।"
শিক্ষার্থীদের পক্ষ থেকে আরও দাবি জানানো হয়, সোমবার (১৩ জুলাই) প্রতিকূল পরিবেশে অনুষ্ঠিত পরীক্ষাটি পুনরায় নিতে হবে। তাদের মতে, যারা পরীক্ষা দিতে পেরেছেন এবং যারা বন্যা ও তীব্র জলাবদ্ধতার কারণে কেন্দ্রে পৌঁছাতে পারেননি—উভয় পক্ষের স্বার্থ বিবেচনায় পরীক্ষা পুনরায় আয়োজন করা উচিত।
এ ছাড়া বুধবারের নির্ধারিত পরীক্ষা স্থগিত করে নতুন রুটিন প্রকাশ এবং প্রশ্নপত্রের মান শিক্ষার্থীবান্ধব করার দাবিও জানান আন্দোলনকারীরা।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা **"দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ", "ভোগান্তির দায় নিতে হবে", "বন্যা-জলাবদ্ধতায় পরীক্ষা নয়"**সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে পরীক্ষা স্থগিত, পুনঃপরীক্ষা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ডও দেখা যায়।
শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। তবে বৈঠকের পর সরকার থেকে পরীক্ষা বা শিক্ষার্থীদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
এসএসসির ফলাফলে মাইলস্টোন কলেজের প্রশংসনীয় সাফল্য
প্রতি বছরের মতো ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলেও প্রশংসনীয় সাফল্যের স্বাক্ষর রেখেছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। চলতি বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ১৪৯৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পাস করে ১৪৮৮ জন। এ বছর সারাদেশে পাসের হার ৬২.২৫ শতাংশ এবং ঢাকা বোর্ডে পাসের হার ৭১.৬৩ শতাংশ হলেও মাইলস্টোন কলেজে পাসের হার ৯৯.৬৭ শতাংশ। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১৩ জন শিক্ষার্থী।

জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে সিএনজি ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার কর্মসংস্থান ও জীবিকা নির্বাহের জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বগুড়ার ৬৫ বছর বয়সী এক বাসিন্দাকে দেওয়া হয়েছে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা।

হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮
দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।



