
কোভিড-১৯ এর কারণে দুই দেশের মধ্যে স্থগিত হওয়া ট্রেন চলাচল আগামী এক সপ্তাহের মধ্যে পুণরায় চালু করার জন্য অনুমতি দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার(১১এপ্রিল) ভারতের সংবাদ সংস্থা এএনআইয়ে সংবাদটি প্রকাশিত হয়।
এএনআই প্রকাশিত তথ্যানুযায়ী, দুই দেশের মধ্যে করোনায় স্থগিত হওয়া ট্রেন চলাচল পুণরায় চালু করতে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বৈঠক করে দেশটি। বৈঠকের আলোচনা শেষে সোমবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুই দেশের ট্রেনের চলাচলে অনুমতি দেয় এবং এক সপ্তাহের মধ্যে চালু করার সিদ্ধান্ত নেয়।
তথ্য মতে ২৬ মার্চ দুই দেশের মধ্যে পুণরায় পুনরায় মৈত্রী এক্সপ্রেস ও মিতালী ট্রেন চালু করার কথা থাকলেও নানাবিদ কারণে তা আর হয়ে উঠেনি।
করোনা মহামারির কারণে ২০২০ সালের মার্চ মাসে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়। তবে এ সময়ে পণ্যবাহী ট্রেন চালু ছিল। এখন যাত্রীবাহী ট্রেন আবার চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে যা আগামী এক সপ্তাহের মধ্যে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ হতে ভারতে তিনটি ট্রেন চলাচল করে। সেগুলো হলো ঢাকা-জলপাইগুড়ি রুটে মিতালী এক্সপ্রেস, ঢাকা- কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস ও খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস।



