
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের আশ্বাসে ট্রেন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে রেলওয়ে কর্মচারীদের সংগঠন রানিং স্টাফ কর্মচারী ঐক্য পরিষদ।
বুধবার (১৩ এপ্রিল) দুপুরে কমলাপুর রেল স্টেশনে আলোচনা শেষে মন্ত্রী বলেন, আপনাদের দাবির বিষয়ে আমি অর্থ মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। তারা জানিয়েছে যে প্রজ্ঞাপনের কারণে অচলাবস্থা দেখা দিয়েছে, সেটি বাতিল করা হবে। এছাড়া আপনাদের দাবিগুলো সবার সাথে আলোচনা করে আমরা সমাধানের ব্যবস্থা করবো। প্রধানমন্ত্রীর সঙ্গে আমি সাক্ষাত করে এ বিষয়ে জানাবো। আশা করছি দ্রুত একটা সমাধান আসবে। রানিং স্টাফরা আগের মতই সুযোগ সুবিধা পাবে।
মন্ত্রীর এমন আশ্বাসের পর রানিং স্টাফ কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি বলেন, সবাই কাজে ফিরে যান।
এর আগে সকাল ৬টা থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ করে তারা। যার ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
কমলাপুর রেলওয়ে স্টেশনের কর্মরত মাষ্টার আফসার উদ্দিন বলেন, রেলওয়ে রানিং স্টাফ কর্মচারীদের দাাবি নিয়ে ড্রাইভাররা ট্রেন চালানো বন্ধ করে দেয়। ফলে বাংলাদেশের সকল স্থানে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সকাল ৬ টা থেকে এ অবস্থার সৃষ্টি হয়।
লোকো মাষ্টারদের ১০০ বছর আগে থেকে পেনশনের সাথে ৭৫ শতাংশ মাইলেজ ভাতা প্রদানের সুবিধা বাদ দেওয়ায় তারা এ আন্দোলনে নামে।


