
বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য পরবর্তী প্রজন্মগুলো যেন চর্চা করতে পারে সে দিকে বিশেষ নজর দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, আমাদের ঐতিহ্য যেন প্রজন্মের পর প্রজন্ম চর্চা করতে পারে এবং বিকাশ ঘটাতে পারে সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির সাথে সম্মিলন করে যেন আরও শ্রেষ্ঠতা অর্জন করা যায় সেদিকেও লক্ষ্য রাখবো।
বুধবার (১৩ এপ্রিল) ৮টি জেলার নবনির্মিত শিল্পকলা একাডেমি ভবনের উদ্বোধনের সময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই যেন বাংলা নববর্ষ উদযাপন করে তার আহবান জানিয়ে সরকার প্রধান বলেন, ধর্ম যার যার, উৎসব সকলের। আমরা সকলেই বাঙালি। সুতরাং এই উৎসব আমরা এক হয়ে পালন করবো।
সংস্কৃতি চর্চার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে সকল ধর্মের মানুষ বাস করে। এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই আছে। সকল ধর্ম-বর্ণ, বিভিন্ন ছোট ছোট ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, তাদের নিজস্ব যে সংস্কৃতি অর্থাৎ শুধু ধর্মালম্বী না, আমাদের যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী তাদেরও কিন্তু নিজস্ব সংস্কৃতি আছে। সেগুলো যাতে বিকশিত হয়। সেদিকে দৃষ্টি রেখে প্রত্যেকটি এলাকায় তাদের সংস্কৃতি চর্চার সুযোগ করে দিচ্ছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্মের সাথে যাতে সংস্কৃতির সংঘাত সৃষ্টি না করা হয় সেদিকে লক্ষ্য রাখতে বলেন। তিনি বলেন, ধর্মের সাথে সংস্কৃতির সংঘাত সৃষ্টি করা সঠিক না।
এ সময় অতীতের পহেলা বৈশাখ উদযাপনের বাধার কথাও তুলে ধরে প্রধানমন্ত্রী। ১৪০০ বঙ্গাব্দে পহেলা বৈশাখ পালন করতে গিয়ে আওয়ামী লীগ বাধার সম্মুখীন হয়েছিল। রমনার বটমূলে বোমা হামলার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী ।
সংস্কৃতি রক্ষা ও চর্চায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
দেশের উন্নয়ন ও অগ্রগতির বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের অগ্রগতি হচ্ছে । বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ ও অর্থনৈতিক ক্ষেত্রেও প্রভাব বেড়েছে । এই উন্নয়নের ধারাও অবশ্যই বজায় রাখতে হবে।



