
দেশের নিরাপত্তা বাহিনীর ক্ষমতার অপব্যবহার নিয়ে যে তথ্য প্রদান করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়, সেখানে গড়মিল রয়েছে বলে ধারণা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের।
বুধবার (১৩ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে তথ্যটি আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করেছে সেটি সম্ভবত ২০২১ সালের, এ বছরের নয়। তারা যে পরিমাণ গুম খুনের কথা বলছে, আমাদের রেকর্ডে তার চেয়ে অনেক কম দেখাচ্ছে।’
মন্ত্রী বলেন, ‘আমাদের দেশের নিরাপত্তা বাহিনী দ্বারা যদি কেউ বন্দুকযুদ্ধে নিহত হয় তাহলে তা নির্বাহী ম্যাজিস্টেটের মাধ্যমে তদন্ত করে তা প্রমাণিত হলে সেই অফিসারকে ক্লোজ করে দেওয়া হয়। আর যদি ম্যাজিস্ট্রেট যদি ধারণা বা প্রমাণ পায় ঘটনাটি অন্যায় বা অসতর্কতার কারণে হয়েছে তবে সেটি বিচার বিভাগে পাঠিয়ে দেই।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমাদের দেশে কেউই বিচারের ওপরে না। ভুল করলে বিচারের মুখোমুখি হতে হয়। আমেরিকা যেটি করেছে তাদের তথ্য বিভ্রাট তৈরি করেছে বলে মনে করি।’
মন্ত্রী বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকার সময় নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করত। পেছনের কথা আমার জানা নাই তবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন থেকে দেশের দায়িত্ব নিয়েছেন তারপর থেকে আমাদের দেশে অন্যায় করলে অবশ্যই তাকে বিচারের আওতায় আসতে হয়। সে যেই হোক।’
তিনি গুম খুন নিয়ে আরও বলেন, ‘নিরাপত্তা বাহিনী অনেক গুম-খুন হওয়া ব্যক্তিদের খুঁজে বের করে দিয়েছে। আমি জোরালোভাবে বলতে পারি আমেরিকা যে রিপোর্ট দিয়েছে তাতে অবশ্যই গড়মিল রয়েছে।’


