

রাজধানীর মতিঝিল থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- আব্দুল মাজেদ, নাফিস উদ্দিন ও মোঃ রমজান আলী।
অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ শামসুল ইসলাম জানান, বুধবার (১৩ এপ্রিল ২০২২) বিকাল ৫:৫০ টায় মতিঝিল থানার ফকিরাপুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা জানান, ঢাকা মহানগরীতে বিশেষ অভিযান পরিচালনাকালে তথ্য আসে যে কতিপয় মাদক ব্যবসায়ী মতিঝিল থানার ফকিরাপুল হোটেল আসমা (আবাসিক) এর সামনে ইয়াবা ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর সময় ১০ হাজার পিস ইয়াবা ও একটি মোটর সাইকেলসহ মাজেদ, নাফিস ও রমজানকে গ্রেফতার করা হয়।
মতিঝিল থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।



