
ভোলায় সাঁতার শিখতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- আদর (৬) ও লিয়া (১০)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে জেলার মনপুরা উপজেলার হাজির হাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এই ঘটনার পর ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত আদর চরফৈজুদ্দিন গ্রামের মো. মন্তাজের ছেলে এবং লিয়া একই গ্রামের মো. রফিজল হোসেনের মেয়ে।
নিহতদের পরিবার সূত্রে জানা যায়, সকালে সাঁতার শিখতে বাড়ির পাশের পুকুরে যায় আদর ও লিয়া। এ সময় পরিবারের অন্যান্যরা ঘরের কাজে ব্যস্ত ছিল। এক পর্যায়ে তাদের পুকুরে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে পুকুর থেকে তাদের অচেতন দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মনপুরা উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. নাইম হাসনাত জানান, শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।


