জলবায়ু পরিবর্তন, সমুদ্র দূষণ, সমুদ্র সম্পদের বেপরোয়া আহরণ ও উপকূলীয় আবাস ও জলজ সম্পদ ধ্বংস করার কারণে গুরুত্বপূর্ণ ইকোসিস্টেম সেবা প্রদানে মহাসাগরের সক্ষমতা হ্রাস পেয়েছে। তাই পৃথিবীর সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সুস্পষ্ট ও সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) পালাউয়ের কোররে সপ্তম আওয়ার ওশেন কনফারেন্সে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

এ সময় তিনি আরোও বলেন, পৃথিবী সুরক্ষার লক্ষ্যে আমাদের অবশ্যই মহাসাগর ও ইকোসিস্টেম রক্ষা ও সংরক্ষণ করতে হবে।

citytouch 728-X-90

পররাষ্ট্রমন্ত্রী জানান, মানুষের বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের ফলে আমাদের সমুদ্র সম্পদ ধ্বংস হচ্ছে। পাশাপাশি এগুলো ক্রমবর্ধমানভাবে হুমকির মুখে পড়ছে।

তিনি বলেন, এসডিজি ১৪ অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় বাংলাদেশ অবৈধ, অনবহিত ও অনিয়ন্ত্রিত (আইইউইউ) মৎস্য শিকার বন্ধ করতে একটি ন্যাশনাল প্ল্যান অব অ্যাকশন গ্রহণ ও সেন্ট মার্টিন দ্বীপে একটি নতুন মেরিন প্রোটেক্টেড এরিয়া নির্ধারণ করাসহ পাঁচটি নতুন প্রতিশ্রুতি ঘোষণা করেছে। অন্য তিনটি প্রতিশ্রুতি হচ্ছে- ২০২৩ সাল নাগাদ নিরাপদ জাহাজ রিসাইক্লিং নিশ্চিতকরণ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালা ২০২১ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য সুনীল অর্থনীতির আওতায় টেকসই উপায়ে সমুদ্র সম্পদ আহরণ।

উন্নত জীবনের লক্ষ্যে মহাসাগর ও সাগরের ব্যবস্থাপনা উন্নয়নের জন্য আমরা একটি নতুন পথ তৈরিতে পিছপা হবো না বলে জানান তিনি।

উল্লেখ্য, ১৩ থেকে ১৪ এপ্রিল অনুষ্ঠিত এই সপ্তম আওয়ার ওশেন কনফারেন্সটি যৌথভাবে আয়োজন করছে রিপাবলিক অব পালাউ ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরির আমন্ত্রণে ড. এ কে আব্দুল মোমেন এ সম্মেলনে অংশ দেন।